কর্মীদের ক্ষোভ নিরসনে মন্ত্রী রমেশের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি ও পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন অবশেষে তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করার কর্মসূচি হাতে নিয়েছেন। গত মঙ্গলবার জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সদর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেন তিনি।
বেলা ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আরুণাংশু দত্তের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন রমেশ চন্দ্র সেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ সাদেক কুরাইশী প্রমুখ। সভায় নারগুন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরেকুল ইসলাম বলেন, ‘বর্ধিত সভা করে মন্ত্রী আমাদের কথা শুনলে তৃণমূল নেতা-কর্মীদের ক্ষোভ অনেক আগেই কেটে যেত।’
পানিসম্পদমন্ত্রী অতীতের ভুলগুলো মনে না রেখে দলের জন্য কাজ করে যেতে সভায় উপস্থিত নেতা-কর্মীদের অনুরোধ করেন। এ সময় তিনি সদর উপজেলার ২১টি ইউনিয়নের সব সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে অক্টোবর মাস থেকে মতবিনিময় করে ভবিষ্যতের কর্মপরিকল্পনা প্রণয়ন করার সিদ্ধান্তের কথা জানান।
আরুণাংশু দত্ত জানান, সভার সিদ্ধান্ত তৃণমূল নেতা-কর্মীদের দলের কাজকর্মে উৎসাহিত করবে।