চার মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না বরিশাল সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা৷ রাজস্ব ঘাটতির অজুহাত দেখিয়ে বেতন-ভাতা বকেয়া রাখলেও ঠিকাদারদের বিল নিয়মিতই পরিশোধ করা হচ্ছে৷
অথচ রাজস্বের অর্থ থেকে প্রথমেই বেতন-ভাতা দেওয়ার নিয়ম, তারপর ঠিকাদারদের বিল পরিশোধ করার কথা৷ কিন্তু সিটি করপোরেশনের প্রধান হিসাবরক্ষক মো. মশিউর রহমান তা করছেন না৷
সিটি করপোরেশনের একাধিক কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ, সিটি করপোরেশনের বিভিন্ন কাজের জন্য বছরে গড়ে ৮০ কোটি টাকার বিল ঠিকাদারদের পরিশোধ করা হয়৷ ওই বিল পরিশোধ বাবদ মশিউর রহমান ঠিকাদারদের কাছ থেকে কমিশন নেন বলে তাঁরা শুনেছেন৷ এ কারণে তিনি রাজস্ব বরাদ্দের অর্থ পাওয়ার সঙ্গে সঙ্গে ঠিকাদারদের বিল পরিশোধে ব্যস্ত হয়ে পড়েন৷
সিটি করপোরেশনের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বর্তমানে মাস্টাররোলসহ ৮৭২ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন৷ এর মধ্যে স্থায়ী কর্মকর্তা-কর্মচারী ৪০০ জন৷ সবার বেতন-ভাতা পরিশোধে মাসে এক কোটি ১৫ লাখ টাকা প্রয়োজন হয়৷ আগের প্রয়াত েময়র শওকত হোসেন িহরণের সময় কখনো কোনো কর্মীর বেতন-ভাতা বকেয়া ছিল না৷ কিন্তু আহসান হাবিব কামাল মেয়র হওয়ার পর থেকে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বকেয়া পড়া শুরু হয়৷ বেশির ভাগ কর্মীই চার মাস ধরে বেতন পাচ্ছেন না৷ অল্প কয়েকজনের দুই থেকে তিন মাসের বেতন বকেয়া আছে৷
মার্চ মাস থেকে বেতন পাচ্ছেন না বলে জানান, সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মতিউর রহমান৷ তিনি প্রথম আলোকে বলেন, রাজস্ব খাতের অর্থ প্রথমে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতায় ব্যবহার করার নিয়ম৷ ঠিকাদারের কাজে ব্যবহার করার নিয়ম নেই৷
সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা মো. আবুল হোসেন জানান, তাঁদের চার মাসের বেতন-ভাতা বকেয়া আছে৷
বেতন বকেয়া ও ঠিকাদারদের কাছ থেকে কমিশন নেওয়ার অভিযোগের ব্যাপারে জানতে চাইলে প্রধান হিসাবরক্ষক মশিউর রহমান ক্ষুব্ধ হন৷ তিনি কোনো বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন৷
বেতন বকেয়ার কারণ প্রসঙ্গে প্রধান নির্বাহী কর্মকর্তা নিখিল চন্দ্র দাস বলেন, ‘উনি (প্রধান হিসাবরক্ষক) একা কিছু করতে পারেন না৷ করতে হলে কর্তৃপক্ষের ইচ্ছায় করেন৷’ কর্তৃপক্ষ কে জানতে চাইলে বলেন, ‘মেয়র একা নন৷ অনেক সময় আমিও দায়ী৷’
মেয়র আহসান হাবিব কামাল প্রথম আলোকে বলেন, রাজস্ব খাতে ঘাটতির কারণে কর্মকর্তা-কর্মচারীদের কয়েক মাসের বেতন বকেয়া পড়েছে৷ কর না বাড়ালে এই ঘাটতি পোষানো সম্ভব হবে না৷ প্রধান হিসাবরক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগও সঠিক নয় বলে তিনি দাবি করেন৷
তবে মেয়রের ওই কথা সঠিক নয় বলে মন্তব্য করেছেন সিটি করপোরেশনের একাধিক কর্মকর্তা৷ তাঁরা জানান, গত বছরের চেয়েও রাজস্ব আয় অনেক বেশি হয়েছে৷ সাবেক মেয়রের সময়ও এত রাজস্ব আয় হয়নি৷ সে সময়ও এ রকম সমস্যায় পড়তে হয়নি৷