লক্ষ্মীপুরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জনসভা আজ শনিবার। বিএনপির দুই কর্মী হত্যার প্রতিবাদ ও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে এ জনসভার আয়োজন করা হয়েছে। লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে আজ বেলা তিনটায় এ জনসভা হবে। জনসভা সফল করতে দলের পক্ষ থেকে ব্যাপক তৎপরতা চালানো হয়েছে। এদিকে জনসভা সামনে রেখে গত তিন দিনে জেলার বিভিন্ন স্থানে বিএনপির সাত নেতা-কর্মী আহত হয়েছেন। জেলা বিএনপি অভিযোগ করেছে, জনসভায় না যেতে নেতা-কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। এ নিয়ে জেলা সদর, রামগঞ্জ, রামগতি, কমলনগর, রায়পুরসহ বিভিন্ন এলাকায় নেতা-কর্মীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।জনসভার স্থান লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে গতকাল শুক্রবার সকালে এক প্রেস বিফ্রিংয়ের আয়োজন করে জেলা বিএনপি। এতে স্থানীয় সাংসদ শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি অভিযোগ করেন, গত তিন দিনে জেলা সদরের চরশাহী ইউনিয়নের নতুন হাটবাজারে ছাত্রদলের নেতা বাপ্পু, কুশাখালী ইউনয়ন ছাত্রদলের নেতা মাজেদ, দত্তপাড়া ইউনিয়নের আবদুল ওয়াদুদ ও তাঁর ছেলেকে ক্ষমতাসীন দলের কর্মীরা মারধর করে আহত করেন। বর্তমানে তাঁরা লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। শান্তির হাট বাজারে জনসভার পোস্টার ছিঁড়ে তাতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। এ ছাড়া জকসিন বাজারে বিএনপির মিছিলে আওয়ামী লীগের কর্মীরা হামলার চেষ্টা করেন। দিঘলী ইউনিয়নে পিকআপের এক মালিককে জনসভায় না আসার জন্য সরকারি দলের লোকজন হুমকি দিয়েছে। প্রেস ব্রিফিংয়ে আরও বক্তব্য দেন সাংসদ আবুল খায়ের ভূঁইয়া, বরকতউল্যা বুলু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাবু, সাংগঠনিক সম্পাদক হাছিবুর রহমান প্রমুখ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ছরোয়ার বলেন, বিএনপির নেতা-কর্মীদের আহত হওয়ার বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি।পুলিশ সুপার মো. জমশের আলী জানান, জনসভা উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে ময়মনসিংহের মুক্তাগাছা থেকে দুই প্লাটুন আর্মড পুলিশ, নোয়াখালী, ফেনী ও চাঁদপুর থেকে অতিরিক্ত ১০০ পুলিশসহ জেলার পুলিশ সদস্যদের জেলা শহরে মোতায়েন করা হয়েছে।