নাটোরের বড়াইগ্রাম পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে বিএনপির মনোনীত মেয়র পদপ্রার্থী ইসাহাক আলী তাঁর কর্মীদের মারপিট, পোস্টারে আগুন ধরানো এবং সংখ্যালঘু লোকজনকে দিয়ে জোর করে মিছিল করানোর অভিযোগ করেছেন। তিনি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সেনাবাহিনী, র্যা ব ও বিজিবি মোতায়েনের জন্য নির্বাচন কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেন।
গত শুক্রবার দুপুর ১২টায় বড়াইগ্রামের কালীবাড়ি এলাকার নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ইসাহাক আলী লিখিত অভিযোগ পড়ে শোনান। তিনি বলেন, আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী আবদুল বারেক সরদারের পক্ষে ভাড়াটিয়া সন্ত্রাসীরা তাঁর কর্মীদের প্রচারণায় প্রতিনিয়ত বাধা দিচ্ছে।
তিনি বলেন, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে নৌকার নির্বাচনী কার্যালয় থেকে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকদের জোর করে মিছিলে নামানো হয়। পরে রাত ৯টার দিকে ১০-১২টি মোটরসাইকেল নিয়ে অজ্ঞাত কিছু যুবক লক্ষ্মীপুর, মাদ্রাসা মোড়, রাজাকার মোড়, জলন্দা, ধামানিয়াপাড়া ও কালীবাড়ি এলাকায় নৌকার পক্ষে সশস্ত্র মহড়া দেন। সে সময় বিএনপির মেয়র প্রার্থীর কর্মী সুলতান আহমেদ, আফসার উদ্দিন, আফসার হোসেন ও দুলাল হোসেনকে মারধর করা হয়।
ওই রাতেই ধামানিয়াপাড়া এলাকায় ইসাহাক আলীর ধানের শীষ প্রতীকের পোস্টার ছিঁড়ে তাতে আগুন ধরিয়ে দেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ অবস্থায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান আয়োজন করা কোনোভাবেই সম্ভব হবে না। তিনি নির্বাচনের দুদিন আগে সেনাবাহিনী, র্যা ব ও বিজিবি মোতায়েনের জন্য নির্বাচন কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেন।
মেয়র প্রার্থী ইসাহাক আলী বলেন, বৃহস্পতিবারের ঘটনাটি তাৎক্ষণিকভাবে রিটার্নিং কর্মকর্তাকে মুঠোফোনে অবহিত করা হলে তাঁর নির্দেশে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনাস্থলে আসেন এবং লোকজনের সঙ্গে কথা বলে চলে যান।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবদুল বারেক এসব অভিযোগ অস্বীকার করে বলেন, বিএনপির প্রার্থী নির্বাচনে ভরাডুবির আভাস পেয়ে সাংবাদিকদের সামনে মিথ্যাচার করেছেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বিএনপির মেয়র প্রার্থীর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান। তিনি বলেন, ‘আমাদের কোনো নেতা-কর্মী বা সমর্থক বিএনপির মেয়র প্রার্থীর প্রচারে বাধা সৃষ্টি করেননি। আমরা কোনো সংখ্যালঘু ব্যক্তিকে জোর করে মিছিলও করাইনি বা কাউকে মারপিটও করিনি।’
ওসি মনিরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে সে সময় কোনো সন্ত্রাসীকে সেখানে দেখতে পাননি। কেউ থানায় কোনো লিখিত অভিযোগও করেননি।