কর্মীদের রংপুরে যেতে না করেছে জাতিসংঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের নাগরিক কুনিও হোশি হত্যার পর জাতিসংঘের বিভিন্ন সংস্থায় কর্মরত বাংলাদেশি ও বিদেশি নাগরিকদের রংপুর সফর করতে নিষেধ করা হয়েছে। গত শনিবার জাতিসংঘের ঢাকা দপ্তর থেকে এই আদেশ দেওয়া হয়েছে।

গতকাল সোমবার একাধিক কূটনৈতিক সূত্র প্রথম আলোকে জানায়, গত শনিবার জাতিসংঘের নিরাপত্তাবিষয়ক দপ্তরের (ইউএনডিএসএস) এক দাপ্তরিক আদেশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতিসংঘের বিভিন্ন সংস্থার দেশি-বিদেশি কর্মীদের রংপুর সফর স্থগিত করতে বলা হয়েছে।

তবে বাংলাদেশে নিরাপত্তা নিয়ে বিভিন্ন দেশের নাগরিকদের কিছুটা উদ্বেগ থাকলেও পূর্বনির্ধারিত সফরে আজ মঙ্গলবার ঢাকায় আসছেন জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নবিষয়ক মন্ত্রী গার্ড মুলার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা গতকাল এ প্রতিবেদককে জানান, দুই দিনের এ সফরের সময় তিনি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন।

এ ছাড়া গার্ড মুলার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

যদিও এরই মধ্যে যুক্তরাজ্যের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুগো সোয়ারের বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। তিন দিনের সফরে ৩ অক্টোবর তাঁর ঢাকায় আসার কথা ছিল।

আজ ব্রিফিং: দুই বিদেশি নাগরিক হত্যার পর সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিষয়ে আজ মঙ্গলবার কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এর আগে গতকাল বিকেলে রাজধানীতে নরওয়ের রাষ্ট্রদূতের বাসভবনে বিভিন্ন দেশের কূটনীতিকেরা বৈঠক করেন বলে জানায় বার্তা সংস্থা ইউএনবি। একটি কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়, বেলা সাড়ে তিনটা থেকে শুরু হওয়া ওই বৈঠকে যুক্তরাষ্ট্র, কানাডা, কোরিয়া, জাপান, সুইডেন, নেদারল্যান্ডস ও ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের কূটনীতিক এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। তাঁরা নিরাপত্তা-সংক্রান্ত বিভিন্ন তথ্য এবং বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এর বাইরে বিস্তারিত কিছু জানায়নি ওই সূত্র।