কর্মীদের সংগঠিত করার 'লড়াই'য়ে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী পৌর যুবদলের আহ্বায়ক সুজিত কুমার দাস। ভোটযুদ্ধের আগে নিজ দলের কর্মীদের সংগঠিত করার ‘লড়াই’য়ে ব্যস্ত সময় পার করছেন বিএনপির মনোনীত এই মেয়র প্রার্থীসহ দলটির নেতা-কর্মীরা।
দলীয় সূত্রে জানা যায়, বিএনপির পক্ষে মনোনয়নপ্রত্যাশী ছয়জন মেয়র প্রার্থী থাকলেও কেন্দ্র থেকে পৌর যুবদলের আহ্বায়ক সুজিত কুমার দাসকে মনোনয়ন দেওয়া হয়। তাঁর মনোনয়ন মেনে নিয়ে অন্যরা একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
জানা যায়, উপজেলা ও পৌর বিএনপির প্রায় ২০০ কর্মীর নামে নাশকতার মামলা রয়েছে। এর মধ্যে বেশির ভাগ লোক জামিনে থাকলেও তাঁরা আবার গ্রেপ্তার বা হয়রানির ভয়ে স্বতঃস্ফূর্তভাবে মাঠে নামতে চাইছেন না। তবে নির্বাচনে বিএনপির প্রার্থীকে জেতাতে হলে কর্মীদের অবশ্যই সংগঠিত হতে হবে বলে নাম না প্রকাশের শর্তে কয়েকজন কর্মী জানান।
অনেকেই অভিযোগ করেন, মামলা-হয়রানি থেকে বাঁচতে বিএনপির অনেক কর্মী স্বেচ্ছায় আওয়ামী লীগ-মনোনীত মেয়রপ্রার্থী সৈয়দ রফিকুল ইসলামের পক্ষে কাজ করছেন।
উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাবিবুল ইসলাম বলেন, কর্মীদের নামে মামলা থাকায় অনেকেই প্রকাশ্যে বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করতে এখনো ভয় পাচ্ছেন। তবে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ থাকলে মনে হয়, কর্মীদের ভয় ধীরে ধীরে কমে যাবে।
খোঁজ নিয়ে জানা যায়, বিএনপির প্রার্থী সুজিত কুমার দাস এখনো তেমন গণসংযোগ করছেন না। তিনি ও দলের বেশির ভাগ নেতাই নির্বাচনের প্রস্তুতি হিসেবে প্রথমে দলের কর্মীদের সংগঠিত করার কাজ করছেন।
সুজিত কুমার দাস প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন ধরে মামলায় জর্জরিত কিছু কর্মী প্রকাশ্যে মাঠে নামতে চাইছেন না। তবে তাঁরা গোপনে বিএনপির জন্যই কাজ করছেন। এরপর আমরা চেষ্টা করছি, কর্মীদের ভয় ভেঙে নির্বাচনের মাঠে সক্রিয় করতে।’