জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা ব্যক্তিগত কোন্দলের জের ধরে গতকাল মঙ্গলবার নিজ দলের এক নেতাকে মারধর করেছেন। আশঙ্কাজনক অবস্থায় ওই নেতাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর ও উপ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আহসান উল্লাহ শরীফের মধ্যে সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের বটতলায় সিগারেট ধরানো নিয়ে বাগিবতণ্ডা হয়। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে হুমায়ুন কবীরের আবাসিক হল মওলানা ভাসানী এবং আহসান উল্লাহর আবাসিক হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগের নেতা-কর্মীরা বিষয়টির সমঝোতা করতে বটতলায় আলোচনায় বসেন। একপর্যায়ে ভাসানী হলের ছাত্রলীগের আট-দশজন নেতা-কর্মী আহসান উল্লাহকে বেদম মারধর করেন। এতে মাথা ফেটে তিনি অচেতন হয়ে যান। গুরুতর আহত অবস্থায় তাঁকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজে ভর্তি করা হয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি কায়কোবাদ অভিযোগ করে বলেন, ‘আলোচনা শেষে আমরা সমঝোতায় এসেছি, এমন সময় পূর্বপরিকল্পতিভাবে ভাসানী হলের নেতা-কর্মীরা ওকে মারধর করে।’