কর্মীদের হুমকি, ভোট চাইছেন চিফ হুইপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের নেতা-কর্মী ও ক্যাডার বাহিনী বাড়ি বাড়ি গিয়ে বিএনপির ‘বিদ্রোহী’ চেয়ারম্যান প্রার্থীর নির্ভরযোগ্য কর্মীদের নির্বাচনী মাঠ ছেড়ে চলে যাওয়ার হুমকি দিচ্ছে; গণসংযোগ করতে গেলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বাধা দিচ্ছেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে দল-সমর্থিত প্রার্থীর পক্ষে ভোট চাইছেন জাতীয় সংসদের সরকারদলীয় চিফ হুইপ ও স্থানীয় সাংসদ আ স ম ফিরোজ।
গত মঙ্গলবার রাতে সংবাদ সমেঞ্চলন করে এসব অভিযোগ করেছেন পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী তসলিম তালুকদার। রাত আটটার দিকে বাউফল পৌরসভার আট নম্বর ওয়ার্ডে তাঁর বড় ভাই বিএনপিদলীয় সাবেক সাংসদ শহিদুল আলম তালুকদারের বাসভবনে ডাকা সংবাদ সমেঞ্চলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁর কর্মীদের যেখানে পাচ্ছেন, সেখানে নির্বাচনী মাঠ ছেড়ে চলে যাওয়ার হুমকি দিচ্ছেন। বিশেষ করে কালাইয়া, চন্দ্রদ্বীপ, নাজিরপুর, দাশপাড়া, মদনপুরা ও বগা ইউনিয়নে তাঁর সমর্থকদের এই জাতীয় সমস্যায় পড়তে হচ্ছে। এসব ইউনিয়নে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তাঁর সমর্থিত নির্ভরযোগ্য কর্মী ও সমর্থকদের হাত-পা ভেঙে পঙ্গু করাসহ বিভিন্ন ভয়-ভীতি দেখাচ্ছেন।
এ ছাড়া আচরণবিধি লঙ্ঘন করে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে সভা করে যাচ্ছেন, প্রকাশ্যে মহড়া দিচ্ছেন। তিনি আরও বলেন, সর্বস্তরের জনসাধারণের সঙ্গে সাক্ষাৎ ও বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণের নামে জাতীয় সংসদের সরকারদলীয় চিফ হুইপ ও স্থানীয় সাংসদ আ স ম ফিরোজ নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। এ-সংক্রান্ত লিখিত অভিযোগ করলেও উপজেলা রিটার্নিং কর্মকর্তা কোনো ব্যবস্থা নিচ্ছেন না বলে লিখিত বক্তব্যে অভিযোগ করেন তসলিম তালুকদার।
অবশ্য উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার অভিযোগ অস্বীকার করে বলেন,‘ চিফ হুইপ মহোদয় এলাকায় এসে কোনো নির্বাচনী প্রচারণায় অংশ নেননি। আর নির্বাচনী আইন মেনেই আমরা প্রচারণা চালাচ্ছি।’ অভিযোগ অস্বীকার করে উপজেলা রিটার্নিং কর্মকর্তা এ বি এম সাদিকুর রহমান বলেন, অভিযোগ পেয়ে মজিবুর রহমানকে সতর্ক করে দেওয়া হয়েছে।