আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) কর্মীমঙ্গল সংস্থার সাত দফা দাবির মীমাংসা ছাড়াই গতকাল রোববার প্রতিষ্ঠানটির বোর্ড অব ট্রাস্টিজের সভা শেষ হয়েছে।
সাত দফা দাবিতে গতকাল সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত কর্মীমঙ্গল সংস্থার আহ্বানে প্রতিষ্ঠানটিতে কর্মবিরতি ও সমাবেশ করেন বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীরা। অনেকের পোশাকে ছিল কালো ব্যাজ।
এ বিষয়ে আইসিডিডিআরবির যোগাযোগ শাখা থেকে গতকাল রাতে প্রথম আলোকে বলা হয়, সভার সিদ্ধান্ত, কর্মীমঙ্গল সংস্থার কর্মসূচি ও তাদের দাবিগুলো সুনির্দিষ্ট ব্যবস্থাপনার বিষয়। বিষয়গুলো এখনো নিষ্পত্তি হয়নি। তাই এ বিষয়ে মতামত দেওয়া সম্ভব না।
কর্মীমঙ্গল সংস্থা আইসিডিডিআরবির বেতনভুক বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতিনিধিত্বকারী সংগঠন।
বোর্ড অব ট্রাস্টিজের দুই দিনের সভা গতকাল বেলা একটার দিকে শেষ হয়। পরে আইসিডিডিআরবির সাসাকাওয়া মিলনায়তনে বোর্ড ও সর্বস্তরের কর্মীদের মতবিনিময় সভা হয়। ওই সভায় উপস্থিত ছিলেন—এমন একজন বিজ্ঞানী ও একজন ব্যবস্থাপকের সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। তাঁরা বলেছেন, ব্রিটিশ মেডিকেল জার্নালের সাবেক সম্পাদক ও বোর্ডের সভাপতি রিচার্ড স্মিথ সভায় কর্মীদের বেতন ৪ দশমিক ৬৬ শতাংশ বাড়ানোর ঘোষণা দেন। তিনি বলেন, মুখ্য পরিচালন কর্মকর্তার পদ বিলুপ্ত করা সম্ভব নয়। আর বেসরকারি সংস্থা ব্র্যাকের কাছে আইসিডিডিআরবির মূল ভবনের জায়গা ইজারার চুক্তি এখনই বাতিল করা সম্ভব নয়। বিষয়টি নিয়ে তাঁরা ব্র্যাকের সঙ্গে কথা বলবেন। সভাস্থলেই কর্মীমঙ্গল সংস্থার সভাপতি আজহার ইসলাম খান এসব সিদ্ধান্তের বিরোধিতা করেন। একপর্যায়ে বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীদের একটি বড় অংশ সভাস্থল ছেড়ে বাইরে চলে যায়।
কর্মীমঙ্গল সংস্থার সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘কর্তৃপক্ষ কর্মীদের দাবি মেনে নেয়নি। উল্টো কর্মীদের ভয়ভীতি দেখাতে গুন্ডা ভাড়া করেছে।’ তিনি বলেন, কালো ব্যাজ ধারণসহ আজ সকাল সাড়ে ১০টা থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন প্রতিষ্ঠানের বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীরা।
আইসিডিডিআরবির ভারপ্রাপ্ত সমন্বয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, প্রতিষ্ঠানে অনেক বিদেশি কাজ করেন। তাঁরা যেন অপমান-অপদস্থ না হন, সে জন্য গতকাল ১০ জন সাদাপোশাকের লোক ক্যাম্পাসে আনা হয়েছে। এঁরা একটি বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানের কর্মী।