কর্মীর জন্য তদবিরে গিয়ে নিজেই বন্দোবস্ত নিলেন
আওয়ামী লীগের কর্মী আবদুর রশিদ তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ভেঙে দেওয়া তাঁর দোকানটি নতুন করে বরাদ্দ পেতে আবেদন করেছিলেন। আর তদবির করতে সঙ্গে নিয়ে গিয়েছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আজিজকে। শেষ পর্যন্ত ঘরটি আবদুর রশিদ পাননি, পেয়েছেন ওই নেতা। আবদুর রশিদের অভিযোগ, তাঁর মাধ্যমে খবর পেয়ে বিডি হল কর্তৃপক্ষের কাছ থেকে তদবিরের পরিবর্তে নিজেই বন্দোবস্ত নিয়েছেন আবদুল আজিজ। আর আবদুর রশিদ প্রায় ৪০ বছরের ব্যবসাপ্রতিষ্ঠান হারিয়ে বেকার হয়ে পড়েছেন। ঘটনাটি ঝিনাইদহ পৌর এলাকার চরমুরারীদহ এলাকার।আবদুর রশিদ জানান, তিনি আওয়ামী লীগের কর্মী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসেন। স্বাধীনতা আন্দোলনের পূর্বে ঝিনাইদহ মডেল স্কুলমাঠের এক জনসভায় বঙ্গবন্ধুকে একনজর দেখতে গাছে উঠে পড়ে গিয়েছিলেন। এর পর থেকে পঙ্গু হয়ে জীবন কাটাচ্ছেন। শক্ত কোনো কাজ করতে পারেন না। প্রায় ৪০ বছর আগে শহরের কয়েকজন বিশিষ্ট ব্যক্তি তাঁকে একটি টং দোকান করে দেন। ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি অফিসের পুব পাশ দিয়ে যে রাস্তা আদর্শপাড়ার দিকে চলে গেছে সেই রাস্তার ধারে টং দোকান দিয়ে ব্যবসা করতেন। সেখানে যা আয় হতো তা দিয়ে চলত তাঁর সংসার। আবদুর রশিদ আরও জানান, প্রথম দিকে কেউ ঘরের ভাড়া নিতে না এলেও একসময় পাশের বাড়ির মালিক এসে তাঁর কাছে ভাড়া দাবি করেন। তিনি বেশ কয়েক বছর ওই বাড়িওয়ালাকে ভাড়া দিয়েছেন। কিন্তু পরে একসময় বিডি হল (মৌলিক গণতন্ত্র হল) কর্তৃপক্ষ তাঁর কাছে ভাড়া দাবি করে। তিনি জানতে পারেন, জায়গাটি ঝিনাইদহ বিডি হল কর্তৃপক্ষের। এর পর থেকে ৫০ টাকা মাসিক ভাড়া হিসেবে বিডি হল কর্তৃপক্ষকে পরিশোধ করে তিনি ব্যবসা করতেন। ১৯৯৭ সালে বিডি হল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সেখানে সেমিপাকা দোকান নির্মাণ করেন। ২০০৪ সালে মাসিক ভাড়া ৫০ টাকা থেকে ৫০০ টাকা নির্ধারণ করা হয়। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় রাস্তার পাশে হওয়ায় তাঁর দোকানটি ভেঙে দেয় প্রশাসন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন সরকারি জায়গা থেকে ভেঙে দেওয়া স্থাপনার জায়গা বন্দোবস্ত দেওয়া শুরু হলে আবদুর রশিদও আগের জায়গাটি ফিরে পেতে আবেদন করেন। তিনি যেন ঘরটি পেতে পারেন সেজন্য বিডি হল কর্তৃপক্ষের কাছে তদবিরের জন্য নিয়ে যান দলীয় নেতা আবদুল আজিজকে। আবদুর রশিদ জানান, প্রথম দিন তদবিরে গেলেও পরে আবদুল আজিজ এড়িয়ে চলতে শুরু করেন। পরে আবদুর রশিদ জানতে পারেন, জায়গাটি আবদুল আজিজ নিজেই বরাদ্দ নিয়েছেন। সেখানে পাকা ঘর তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। আবদুর রশিদ দুঃখ করে বলেন, ‘এই হচ্ছে আমাদের নেতা।’ বিত্তশালী ওই নেতা একটি দোকান পেয়েছেন, কিন্তু তাঁর মতো হতদরিদ্র মানুষ দোকান হারিয়ে বেকার জীবন কাটাচ্ছেন।বিডি হলের সাধারণ সম্পাদক ঝিনাইদহ স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. সেলিম রেজা জানান, আবদুর রশিদের আবেদনের বিষয়ে তাঁর জানা নেই। তবে আবদুল আজিজ নিয়ম মেনেই বরাদ্দ পেয়েছেন। আবদুল আজিজ বলেন, ‘উপকার করা মহত্ত্বের কাজ, না করলে কোনো পাপ নেই।’ কর্মীর তদবিরে গিয়ে নিজ নামে বরাদ্দ নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘বরাদ্দ নিয়ে সেখানে ঘর নির্মাণ করায় এলাকার শোভাবর্ধন হয়েছে। এতে ক্ষতির কোনো কারণ দেখছি না।’