পুলিশের বিরুদ্ধে তাঁর কর্মী-সমর্থকদের অযথা হয়রানির অভিযোগ তুলেছেন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সাংসদ মজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরী। তিনি পুলিশের উদ্দেশে বলেছেন, ‘অযথা আমার কর্মী-সমর্থকদের হয়রানি করবেন না। এই জাতীয় কোনো ঘটনা আবার ঘটলে জনগণকে সঙ্গে নিয়ে থানা ঘেরাও করব।’
বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ ইউনেসকোর বিশ্ব প্রামাণ্যচিত্র ঐতিহ্য হিসেবে স্বীকৃতি উপলক্ষে গতকাল সোমবার বিকেলে সদরপুর স্টেডিয়াম মাঠে জনসভার আয়োজন করা হয়। সাংসদই এই সভার উদ্যোগ নেন। সেখানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ বলেন, ‘আমি অবহেলিত মানুষের উন্নয়ন চাই। স্বাধীনতার পর থেকে সদরপুর, ভাঙা ও চরভদ্রাসন উপজেলায় যে উন্নয়ন করা হয় নাই, আমি সেই উন্নয়ন করেছি। গত সাড়ে চার বছরে এ তিন উপজেলায় ৪৫০ কোটি টাকার উন্নয়নমূলক কাজ হয়েছে। আমি মাঝেমধ্যে শুনি, আমার কর্মী-সমর্থকদের অকারণে থানায় নিয়ে হয়রানি করে পুলিশ। পুলিশ কর্মকর্তাদের বলি, এই জাতীয় হয়রানি বন্ধ করেন। যদি তা না করেন এবং এই জাতীয় হয়রানির ঘটনা আর যদি কোনো থানায় ঘটে, তাহলে আমি জনগণকে সঙ্গে নিয়ে সেই থানা ঘেরাও করব।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ তাঁর নেতা-কর্মীদের হয়রানি করেন বলে অভিযোগ করেন সাংসদ। তিনি বলেন, এই জাতীয় হয়রানি আর বরদাশত করা হবে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদরপুর ইউপির চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মো. শহিদুল ইসলাম। সভায় বিশেষ অতিথি ছিলেন ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন, সদরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হারিজুর রহমান ও চরভদ্রাসন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার মোল্লা।