কল ছাড়তেই বিস্ফোরণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আহত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী মাশরুবা বিনতে মোশাররফ গত বুধবার গভীর রাতে বাসার বাথরুমে কল ছাড়ার সময় বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন। তিনি রাজধানীর ধানমন্ডিতে সিটি হাসপাতালে চিকিৎসাধীন। মাশরুবা বাবা, মা ও দুই বোনের সঙ্গে ৬৬/১০ পূর্ব রাজাবাজারের ভাড়া বাসায় থাকেন। পরিবারের সদস্যরা জানান, রাত সোয়া ১২টার দিকে মাশরুবা বাথরুমে যান। বিদ্যুৎ না থাকায় তিনি মোমবাতি জ্বালিয়ে নিয়ে গিয়েছিলেন। কল ছাড়ার সঙ্গে সঙ্গে পানির সঙ্গে গ্যাস বেরিয়ে আসে এবং মোমবাতির আগুনের সংস্পর্শে এসে বিস্ফোরণ ঘটে। আগুনের ফুলকির সৃষ্টি হয়। এ সময় তাঁর মুখ, হাত, গলা ঝলসে যায়। ওয়াসার পানির লাইন ফুটো হয়ে গ্যাস ঢুকে এ ঘটনা ঘটে থাকতে পারে।মাশরুবার মা কামরুন্নেছা প্রথম আলোকে বলেন, তাঁরা যন্ত্রণা উপশমের জন্য মাশরুবার পুড়ে যাওয়া স্থানে পানি ঢালেন এবং টুথপেস্ট লাগিয়ে দেন। রাত সাড়ে ১২টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা প্রাথমিকভাবে ক্ষতস্থানে ব্যান্ডেজ বেঁধে দেন। পরে তাঁকে সিটি হাসপাতালে নেওয়া হয়। সিটি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে জানান, মাশরুবার মুখ, হাত ও গলাসহ শরীরের প্রায় ২৫ ভাগ পুড়ে গেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে।মাশরুবার বড় বোন মাশরুকা বিনতে মোশাররফ অভিযোগ করেন, বেশ কয়েকবার ওই বাথরুমে পানির কল ছাড়ার পর গ্যাসের গন্ধ পাওয়া গেছে। বাড়িওয়ালার ছেলে রাজীব উদ্দিন ভূঁইয়া বলেন, বাড়িটি ৩০ বছরের পুরোনো। বাড়িটি এমনভাবে তৈরি করা হয়েছে যে ওয়াসা আর গ্যাসের লাইনের সংযোগ এক হওয়ার কোনো সুযোগ নেই।ওই বাড়িতে গিয়ে দেখা যায়, ওয়াসার পানির লাইন এবং গ্যাসের লাইনের মাঝখানে প্রায় দুই হাত দূরত্ব রয়েছে।