কল বেল বাজিয়ে বাসায় ঢুকে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কল বেল বাজিয়ে বাড়ি ভাড়া নেওয়ার কথা বলে বাসায় ঢুকে মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাত দল।রাজধানীর দক্ষিণ পীরেরবাগে সাবেক এক ব্যাংক কর্মকর্তার বাসায় গতকাল বৃহস্পতিবার এ ডাকাতির ঘটনা ঘটে।বাড়ির মালিক সাবেক ব্যাংক কর্মকর্তা আলী হায়দার চৌধুরী প্রথম আলোকে বলেন, গতকাল বেলা পৌনে তিনটার দিকে দুর্বৃত্তরা ১৩০/৩ দক্ষিণ পীরেরবাগে তাঁর বাসার দ্বিতীয় তলায় কল বেল বাজায়। ভেতর থেকে পরিচয় জানতে চাইলে দুর্বৃত্তরা জানায়, তারা বাসা ভাড়া নিতে এসেছে। এরপর দরজা খোলার সঙ্গে সঙ্গে ধাক্কা মেরে পাঁচ দুর্বৃত্ত ভেতরে ঢুকে পড়ে। তাদের প্রত্যেকের হাতে ককটেল ও চাপাতি ছিল। তারা অস্ত্রের মুখে বাসার সবার হাত-পা বেঁধে নগদ ৫০ হাজার টাকা ও পাঁচ ভরি সোনার অলংকার নিয়ে যায়।