কলকাকলিতে মুখর থানা চত্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাঁঠালগাছটিকে পাখিরা নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিয়েছে। গতকাল বিকেলে পটুয়াখালীর সদর থানা চত্বর থেকে তোলা ছবি l প্রথম আলো
কাঁঠালগাছটিকে পাখিরা নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিয়েছে। গতকাল বিকেলে পটুয়াখালীর সদর থানা চত্বর থেকে তোলা ছবি l প্রথম আলো

পটুয়াখালী সদর থানা ফটকের সামনে মানুষের জটলা। তবে মামলা-অভিযোগ দায়েরের জন্য নয়, তাঁরা এসেছেন থানার ভেতরে থাকা কাঁঠালগাছটি দেখতে। কারণ, সন্ধ্যা নামলেই গাছটিতে দল বেঁধে আশ্রয় নেয় কয়েক শ গেছো চরুই (ট্রি অ্যাসপ্যারো)।
ট্রি অ্যাসপ্যারো চরুই প্রজাতির পাখি। ধূসর রঙের এই পাখির কোনোটির বুক সাদা তো ঠোঁট হলুদ। আবার কোনো পাখির ডানায় ডোরা কাটা দাগ, পিঠে হলদে আভা।
গত সোমবার থানায় গিয়ে দেখা যায়, থানার দোতলা ভবনের মাঝে এক টুকরো ফাঁকা জায়গা। সেখানে একটি কাঁঠালগাছ। শেষ বিকেলে দল বেঁধে কয়েক শ গেছো চরুই এই গাছে আশ্রয় নেয়। তাদের কিচিরমিচিরে মুখর হয়ে ওঠে থানা চত্বর।
পাখি দেখতে প্রতিদিন বিকেলে সদর থানার সামনে কৌতূহলী মানুষের ভিড় বাড়ছে। পটুয়াখালী সদর থানার উপপরিদর্শক নুরুল আমিন বলেন, প্রতিদিনই অনেক লোক পাখি দেখতে ভিড় করছেন। সন্ধ্যায় গাছে আশ্রয় নিতে এলে পাখি যাতে কোনো বাধার মুখে না পড়ে, সেদিকে খেয়াল রাখছেন পুলিশ সদস্যরা। তিনি আরও বলেন, রাতে অনেক সময় বিড়াল এসে গাছে ওঠার চেষ্টা চালায়। তবে এ ব্যাপারে তাঁরা সব সময় সতর্ক থাকেন।
পাখি দেখতে থানার সামনে আসা পটুয়াখালী আইনজীবী সমিতির সদস্য আবুল কালাম আজাদ বলেন, ‘বিভিন্ন গাছে পাখি আসে, পাখি বসে। কিন্তু একটি গাছে এত পাখি বসতে আমি আর কখনো দেখিনি।’ সদর থানার ওসি কে এম তারিকুল ইসলাম বলেন, থানা এলাকায় পাখিদের আশ্রয়স্থলটি নিরাপদ করতে পাখি থাকাকালীন নজরদারি থাকে। শেষ বিকেলে পাখিগুলো আসে, সকালে আবার চলে যায়। এই আসা-যাওয়ার ফাঁকে অল্প সময় পাখির কলকাকলিতে থানা প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে।