কলকাকলিতে মুখর নকুলহাটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের সালথা উপজেলা সদরের নকুলহাটি এলাকার আবদুল লতিফ মিয়ার বাড়ির তেঁতুলগাছে আশ্রয় নিয়েছে পানকৌড়ি। গত মঙ্গলবার তোলা ছবি l প্রথম আলো
ফরিদপুরের সালথা উপজেলা সদরের নকুলহাটি এলাকার আবদুল লতিফ মিয়ার বাড়ির তেঁতুলগাছে আশ্রয় নিয়েছে পানকৌড়ি। গত মঙ্গলবার তোলা ছবি l প্রথম আলো

পাশাপাশি তিনটি তেঁতুলগাছ। কালো রঙের পানকৌড়িতে গাছগুলো ভরে গেছে। মাঝে মাঝে দেখা যাচ্ছে সাদা রঙের বক। ওই তিনটি গাছ ছাড়াও আশপাশের বিভিন্ন বাঁশগাছে রয়েছে পাখি।
ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি গ্রামের আবদুল লতিফ মিয়ার বাড়িতে গত মঙ্গলবার এমন দৃশ্য দেখা গেছে। লতিফ মিয়া উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। সরেজমিনে দেখা যায়, কয়েক শ পানকৌড়ি ও বক বাসা বেঁধেছে গাছগুলোতে। সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সেখানে চারদিক থেকে পাখি আসতে শুরু করে। একসময় গাছগুলো পাখিতে পাখিতে ভরে যায়।
লতিফ মিয়ার ছেলে হাসানুজ্জামান বলেন, তিন বছর ধরে এখানে পাখি আসছে। প্রতিবছর মে মাস থেকে এখানে পাখি আসা শুরু হয়। প্রথমে আসে কয়েক হাজার বক। এগুলো বাসা বাঁধে গাছের ডালে। ডিম পাড়ে ও বাচ্চা ফুটায়। এরপর আসে পানকৌড়ি। তারাও বাসা বাঁধে, বাচ্চা ফোটায়। গত দুই বছর শুধু বক এসেছিল। এবারই প্রথম বকের সঙ্গে এসেছে পানকৌড়িও। বক সেপ্টেম্বরের মধ্যে চলে যায়। পানকৌড়ি কত দিন থাকবে তা বলা যাচ্ছে না। তবে পানকৌড়ির বাচ্চাগুলো বড় হয়ে উঠেছে। পাখির ডাকে সমগ্র এলাকা মুখরিত হয়ে ওঠে। সারা দিনই পাখির কলকাকলিতে মুখর থাকে পুরো এলাকা। বাচ্চাদের রেখে মা পাখিগুলো চলে যায় দূরদূরান্তে। বিকেল থেকেই তারা মুখে শিশু পাখিদের জন্য খাবার নিয়ে ফিরতে থাকে।
ইউপি চেয়ারম্যান লতিফ মিয়া বলেন, ‘তিন বছর ধরে পাখিগুলো আসছে। তারা এখানে এসে ঘর বানায়, ডিম পাড়ে, বাচ্চা ফোটায়। আমাদের দেশে প্রকৃতির এই শান্ত প্রাণীদের আবাসন-সংকট প্রকট। আমরা তাদের দেখে রাখায় এলাকাবাসীর মনে ক্ষোভ থাকলেও তাঁরা অনিষ্টকর কিছু করতে পারছেন না।’