কলকাকলিমুখর চিলড্রেন ফেস্টিভ্যাল
একজন আঁকছে ফুল, পাখি, নদী, সূর্য, গাছপালা আর পাহাড়-পর্বতবেষ্টিত গ্রামীণ বাংলার চিত্র, অন্যজন আঁকছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। এভাবে তিনটি কক্ষে শিশুরা এঁকে চলেছে বিজয় দিবস, জব্বারের বলীখেলা, চেরাগি পাহাড়ের মোড়, স্মৃতিসৌধ, শহীদ মিনারের চিত্র। গতকাল শনিবার বিকেলে দ্য ডেইলি স্টার আয়োজিত ‘অদম্য চট্টগ্রাম’ উৎসবের ‘চিলড্রেন ফেস্টিভ্যাল’ অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতার চিত্র এটি। নগরের ফুলকি বিদ্যালয়ে এর পাশাপাশি আয়োজন করা হয় কবিতা আবৃত্তির প্রতিযোগিতাও। উৎসবে আয়োজন করা হয় শিশু-কিশোরদের অংশগ্রহণে নাচ, গান, ছড়া, কবিতা আবৃত্তি ও নাটকের। কাকতাড়ুয়া নামের নাটকটি পরিবেশন করে কিডস কালচারাল একাডেমির শিশুশিল্পীরা। শিশু-সদস্যরা পরিবেশন করে কবিতা আবৃত্তি, নাচ ও গান। শিশুদের মধ্যে জাদু দেখিয়ে আনন্দ দেন জাদুকর রাজীব বসাক। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে তিনটি ভাগে আয়োজিত চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। ব্র্যান্ডস এক্সপো: গতকাল শনিবার রাতে নগরের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়ামে চার দিনব্যাপী ব্র্যান্ডস এক্সপোর উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গ্রামীণফোনের সিইও টোরে জনসে, দ্য ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহ্ফুজ আনাম এবং বিএসআরএমের হেড অব বিজনেস এম ফিরোজ প্রমুখ। ব্র্যান্ডস এক্সপোতে আবুল খায়ের স্টিল, হোটেল আগ্রাবাদ, টিকে গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, পেডরোলো, ওয়েস্টার্ন মেরিন গ্রুপ, গ্রামীণফোন, বিএসআরএম, এস আলম, ইস্টার্ন ব্যাংক লিমিটেডসহ ১৫টি ব্যবসাপ্রতিষ্ঠান অংশ নিচ্ছে। আনন্দসন্ধ্যা: বাবুল জলদাস ও তাঁর দলের ঢোলের বাজনার মধ্য দিয়ে গতকাল শনিবার সন্ধ্যায় নগরের ডিসি হিলে শুরু হয় তিন দিনের আনন্দসন্ধ্যা। এরপর আঞ্চলিক গান পরিবেশন করেন বুলবুল আকতার ও কান্তা নন্দী। প্রেমসুন্দর বৈষ্ণব ও সুস্মিতার দ্বৈত গানে ছুটির দিনের সন্ধ্যায় জড়ো হওয়া হাজার খানেক দর্শক আনন্দে মেতে ওঠে। এরপর মাইজভান্ডারি গান পরিবেশন করেন শিমুল শীল। সবশেষে কাওয়ালি পরিবেশন করেন আবদুল মান্নান কাওয়াল ও আহমেদ নূর কাওয়াল।