কলকাতা-আগরতলায় বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কলকাতা ও আগরতলায় বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস সাড়ম্বরে উদযাপিত হয়েছে।

রোববার সকালে পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটির সূচনা করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ হাইকমিশনার জকি আহাদ। এরপর মুক্তিযুদ্ধে শহীদ বীরদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এরপর বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। সন্ধ্যায় কলকাতার একটি অভিজাত হোটেলে অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে যোগ দেন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্তরের বিশিষ্টজনেরা। সেই সঙ্গে রাজ্যের মন্ত্রী, সাংসদ, বিধায়ক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং কলকাতার বিভিন্ন বিদেশি দূতাবাসের কূটনীতিকেরা যোগ দেন।

এদিকে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলাতেও বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। রোববার রাতে আগরতলা টাউন হলে বাংলাদেশের এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। প্রতিবেশী ভালো না থাকলে রাষ্ট্র বা রাষ্ট্রের মানুষ ভালো থাকতে পারেন না। এই শাশ্বত সত্য কথাটাই ফের মনে করিয়ে দেন তিনি। একই সঙ্গে তিনি বাংলাদেশকে সতর্ক করে দিয়ে বলেন, অভ্যন্তরীণ পরিস্থিতি ঘোলাটে করে দেওয়ার অপপ্রয়াস চলছে। আলোচনাসভায় মানিক সরকার ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরার বিশিষ্ট শিক্ষাবিদ মিহির দেব, বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায়, সহকারী হাইকমিশনার শাখাওয়াত হোসেন প্রমুখ।