কলকাতা, ইসলামাবাদ ও লন্ডনে বঙ্গবন্ধুকে স্মরণ
যুক্তরাজ্যের লন্ডন, ভারতের পশ্চিমবঙ্গ ও পাকিস্তানের ইসলামাবাদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সব কটি স্থানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়।
লন্ডন: বাংলাদেশ হাইকমিশন, যুক্তরাজ্য আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো আলোচনা সভা, দোয়া মাহফিল এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটি পালন করে। শোক দিবসের শুরুতে হাইকমিশনে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। হাইকমিশনারের উদ্যোগে লন্ডনের ব্যাডেন-পাওয়েল হাউস কনফারেন্স সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. আবদুল হান্নানের নেতৃত্বে কর্মকর্তারা এবং পর্যায়ক্রমে যুক্তরাজ্য আওয়ামী লীগ, সর্ব ইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদ এবং কমিউনিস্ট পার্টির নেতারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
আলোচনা সভায় প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট আবদুল গাফ্ফার চৌধুরী বঙ্গবন্ধুর কর্মময় জীবনের ওপর আলোকপাত করেন।
এদিকে, দিবসটি উপলক্ষে পূর্ব লন্ডনের ব্রিক লেন জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে যুক্তরাজ্য আওয়ামী লীগ। এরপর নিকটস্থ মন্টিফিউরি সেন্টারে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
কলকাতা: স্মিথ লেনের সরকারি বেকার হোস্টেলের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের উপহাইকমিশনার জকি আহাদসহ বিশিষ্টজনেরা।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিটির অবস্থান বেকার হোস্টেলের ২৪ নম্বর কক্ষের সামনে। বঙ্গবন্ধুর স্মৃতিবাহী এই কক্ষের সামনে তাঁর আবক্ষ মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। কলকাতায় সোনালী ব্যাংক, বিমান বাংলাদেশসহ কয়েকটি সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।
কলকাতার বেকার হোস্টেল ১৯১০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি সরকারি ছাত্রাবাস। ১৯৪৫-৪৬ সালে বঙ্গবন্ধু কলকাতার ইসলামিয়া কলেজে স্নাতক শ্রেণিতে পড়ার সময় এই হোস্টেলের ২৪ নম্বর কক্ষে থাকতেন। ইসলামিয়া কলেজের নাম এখন মওলানা আজাদ কলেজ। ১৯৯৮ সালে তৎকালীন বাংলাদেশ সরকারের অনুরোধে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বেকার হোস্টেলের ২৪ নম্বরের সঙ্গে ২৩ নম্বর কক্ষটিকে যুক্ত করে বঙ্গবন্ধু স্মৃতিকক্ষ গড়ার উদ্যোগ নেন। ওই বছরের ৩১ জুলাই বঙ্গবন্ধু স্মৃতিকক্ষের উদ্বোধন করেন তৎকালীন উচ্চশিক্ষামন্ত্রী সত্যসাধন চক্রবর্তী। স্মৃতিকক্ষটিতে বঙ্গবন্ধুর ব্যবহৃত খাট, চেয়ার, টেবিল ও আলমারি সংরক্ষণ করা হয়েছে।
ইসলামাবাদ: ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সকালে চ্যান্সরি প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত করেন ভারপ্রাপ্ত হাইকমিশনার মুহম্মদ ইকবাল হোসেন। দিবসটি পালন উপলক্ষে এক আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উল্লেখযোগ্য বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁর রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে হাইকমিশনের সকল কর্মকর্তা, কর্মচারী ও ইসলামাবাদের বাংলাদেশি নাগরিকেরা অংশ নেন। শেষে তাঁর জীবন ও কর্মের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।