কলকাতা ও ত্রিপুরায় বিজয় দিবস উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা এবং ত্রিপুরার রাজধানী আগরতলায় যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের ৪৫তম বিজয় দিবস উদ্‌যাপিত হয়েছে। গতকাল শুক্রবার ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড দিবসটি সাড়ম্বরে উদ্‌যাপন করেছে এবং এ উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে।
পূর্বাঞ্চলীয় সেনাসদর কলকাতার ফোর্ট উইলিয়ামে আয়োজিত বিজয় উৎসবে বাংলাদেশ থেকে ৩০ জন মুক্তিযোদ্ধাসহ সেনা কর্মকর্তা যোগ দেন। বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ ও ভারতের প্রতিনিধিরা। এ সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধা ও পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের সদস্যদের ভূমিকা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয় এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দুই মিনিট নীরবতা পালন করা হয়।
এ ছাড়া কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদ্‌যাপন করেছে। বিকেলে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে বিজয় উৎসবে বঙ্গবন্ধু ও বাংলাদেশ তথ্যচিত্রটি প্রদর্শন করা হয়।
ত্রিপুরার আগরতলায় গতকাল সকালে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের একটি ইউনিট শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। আগরতলার পোস্ট অফিস চৌমহনিতে রাজ্যবাসীর পক্ষে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাজ্যপাল তথাগত রায়। এ ছাড়া আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনেও দিনটি উদ্‌যাপিত হয়।