কলকাতা-খুলনার মধ্যে নতুন ট্রেনের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতা-ঢাকার পর এবার কলকাতা-খুলনার মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচলের উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাধীনতার আগে কলকাতা-খুলনার মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল করলেও এখন তা বন্ধ রয়েছে।

নতুন এই ট্রেনটি চালুর ব্যবস্থা করতে বাংলাদেশের রেলের দুই শীর্ষ কর্মকর্তা গতকাল শুক্রবার কলকাতায় গেছেন। তাঁরা হলেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (ট্রেন চলাচল) শাহ জহিরুল ইসলাম ও রোলিং স্টকের অতিরিক্ত মহাপরিচালক খলিলুর রহমান। ওই দুই কর্মকর্তা আগামী সোম ও মঙ্গলবার দুই দফায় ভারতের রেল বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন। বৈঠকের সিদ্ধান্ত নিয়ে পরবর্তীকালে দুই দেশের সরকারের মধ্যে আলোচনা হবে। ওই বৈঠকেই ট্রেন চলাচলের সার্বিক দিক নিয়ে আলোচনা হবে।

কয়েক বছর আগে কলকাতার সঙ্গে ঢাকার ট্রেন চলাচল শুরু হয়। দুই দেশের মধ্যে মৈত্রী এক্সপ্রেস নামে একটি ট্রেন সপ্তাহে দুই দিন চলাচল করে। এই ট্রেন পশ্চিমবঙ্গের গেদে ও বাংলাদেশের দর্শনা সীমান্ত পথে চলাচল করে। কিন্তু গেদে ও দর্শনায় অভিবাসন এবং শুল্ক-সংক্রান্ত কাজ করায় ট্রেন চলাচলে প্রায় চার ঘণ্টা দেরি হয়। এই পথে যাত্রীসংখ্যা বেড়ে যাওয়ায় দুই দেশই নতুন করে কলকাতা-খুলনার মধ্যে আরেকটি যাত্রীবাহী ট্রেন চালানোর উদ্যোগ নিয়েছে। চলন্ত অবস্থায় ট্রেনের মধ্যেই অভিবাসন ও শুল্ক-সংক্রান্ত কাজ সম্পন্ন করার প্রস্তাব এসেছে।

জানা গেছে, এই ট্রেনেরও নাম হতে পারে মৈত্রী এক্সপ্রেস। এই ট্রেনও কলকাতা স্টেশন থেকে ছাড়তে পারে। তবে এই ট্রেনটি কলকাতা থেকে বনগাঁ-পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে খুলনা যাবে। পাশাপাশি ওই বৈঠকে বর্তমানে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেসের যাত্রীর সংখ্যা বেড়ে যাওয়ায় বগির সংখ্যা বাড়ানো নিয়েও কথা হতে পারে।