কলকাতা-ঢাকা আগরতলা পথে বাস চলাচল শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতা-ঢাকা-আগরতলা পথে বাণিজ্যিকভাবে যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়েছে। আগরতলা থেকে কলকাতার উদ্দেশে ছেড়ে আসা পশ্চিমবঙ্গের ‘সৌহার্দ্য’ বাসটি গতকাল মঙ্গলবার আখাউড়া হয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়।
আখাউড়া অভিবাসন (ইমিগ্রেশন) বিভাগ সূত্রে জানা গেছে, সোমবার কলকাতা থেকে ১১ জন যাত্রী নিয়ে রওনা হওয়া বাস সৌহার্দ্য গতকাল সকালে উত্তর-পূর্ব ভারতের আগরতলায় পৌঁছায়। এর মধ্য দিয়ে নতুন এই পথে যাত্রী চলাচল শুরু হয়। ওই বাসটিই ২৫ জন যাত্রী নিয়ে গতকাল বিকেলে আগরতলা থেকে আখাউড়া হয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
সৌহার্দ্য বাসের তত্ত্বাবধায়ক রাকেশ মহাতো জানান, রাতে ঢাকার কমলাপুরে বিআরটিসি ডিপোতে পৌঁছে কিছু সময় বিরতি দেওয়ার পর সৌহার্দ্য সকালে বেনাপোল হয়ে কলকাতায় পৌঁছাবে। দুপুরে বাসটি আবার ফিরতি পথে যাত্রা করবে।