কলকাতা-ঢাকা-আগরতলা বাস চলাচল শুরু
কলকাতা-ঢাকা-আগরতলার মধ্যে বাণিজ্যিকভাবে যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়েছে। গত সোমবার বেলা দুইটায় একটি বাস কলকাতার সল্টলেকের করুণাময়ী আন্তর্জাতিক বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়। এদিন ৪৫ আসনের ভলভো বাসটিতে যাত্রী ছিলেন ৩৭ জন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৬ ও ৭ জুন ঢাকা সফরের সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এই বাস সার্ভিসের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
১ জুন কলকাতা-ঢাকা-আগরতলা বাস সার্ভিসের পরীক্ষামূলক যাত্রা (ট্রায়াল রান) অনুষ্ঠিত হয়।
গত সোমবার বাসে ওঠা ৩৭ যাত্রীর মধ্যে ৩২ জন ঢাকার। অন্য পাঁচজন আগরতলার। কলকাতা থেকে আগরতলায় যেতে যাত্রীপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭০০ রুপি। আর কলকাতা থেকে ঢাকার ভাড়া ১ হাজার ৪০০ রুপি। এই ভাড়াকে যৌক্তিক বললেন ঢাকাগামী যাত্রী নিজামুদ্দিন।
ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে পশ্চিমবঙ্গের কলকাতার দূরত্ব প্রায় ১ হাজার ৬৫০ কিলোমিটার। বাংলাদেশের মধ্য দিয়ে এই বাস সার্ভিস চালু হওয়ায় দূরত্ব কমে দাঁড়িয়েছে মাত্র ৫১৩ কিলোমিটারে।