কলকাতা থেকে প্রথম কনটেইনারবাহী জাহাজ এল পানগাঁওয়ে
ভারতের কলকাতা থেকে গতকাল শুক্রবার প্রথমবারের মতো ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও অভ্যন্তরীণ কনটেইনার টার্মিনালে এসেছে কনটেইনারবাহী জাহাজ ‘এমভি নৌ কল্যাণ-১’।
২০১৫ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় সই হওয়া ‘কোস্টাল শিপিং অ্যাগ্রিমেন্ট’-এর আওতায় এমভি নৌ কল্যাণ-১ বাংলাদেশে এল। এ ঘটনাকে বাংলাদেশ-ভারত সম্পর্কের অগ্রগতির প্রতীক বলে আখ্যায়িত করেছে ভারত।
উপকূলীয় জাহাজ চলাচলবিষয়ক ওই চুক্তির ফলে দুই দেশের মধ্যে নৌপথে সরাসরি জাহাজ চলাচলের সুযোগ সৃষ্টি হয়েছে। এ ছাড়া দুই দেশের মধ্যে জাহাজে পণ্য পরিবহনের সময়ও ৩০-৪০ দিন থেকে কমে ৪-১০ দিনে নেমে এসেছে।
গতকাল বেলা ১১টায় এমভি নৌ কল্যাণ-১ থেকে কনটেইনার খালাসের সময় পানগাঁও কনটেইনার টার্মিনালে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি তোফায়েল আহমেদ বলেন, এই টার্মিনাল চালুর ফলে দেশি-বিদেশি ক্রেতারা উপকৃত হবেন। শাজাহান খান বলেন, সময় ও খরচ বাঁচাতে ভারত থেকে বাংলাদেশে এখানে কনটেইনার আসা অব্যাহত থাকবে।
কলকাতা থেকে প্রথমবারের মতো ঢাকায় কনটেইনারবাহী জাহাজ আসা উপলক্ষে এক বার্তায় ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেন, এখন ঢাকা ও কলকাতার মধ্যে পণ্যবাহী জাহাজ মাত্র তিন থেকে চার দিনের মধ্যে চলাচল করতে পারবে।
পানগাঁও কনটেইনার টার্মিনালের কর্মতৎপরতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল দুপুরে সেখানকার মিলনায়তনে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠন, কাস্টম, চট্টগ্রাম বন্দর, বাণিজ্য ও নৌপরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।