কলকাতা থেকে রাতে বিমান ছাড়েনি, দুর্ভোগে যাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ধারিত সময়ের চার ঘণ্টা পরও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ ভারতের কলকাতার বিমানবন্দর থেকে গতকাল বুধবার রাত সাড়ে ১২টা পর্যন্ত (স্থানীয় সময়) ঢাকার উদ্দেশে ছাড়েনি। ফলে দেড় শতাধিক যাত্রী বিমানবন্দরে আটকা পড়ে দুর্ভোগে রয়েছেন।
দুর্ভোগের শিকার সাংবাদিক কামরুজ্জামান বিমানবন্দর থেকে গতকাল রাত একটায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ভারতের সময় রাত ৮টা ৩৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ (বিজি ০৯৬) ঢাকার উদ্দেশে কলকাতার বিমানবন্দর ছাড়ার কথা ছিল। কিন্তু রাত সাড়ে ১২টায় যাত্রীদের জানানো হয়, নির্ধারিত উড়োজাহাজটি এসে পৌঁছায়নি। আজ বৃহস্পতিবার সকালে উড়োজাহাজটি বিমানবন্দরে পৌঁছানোর পর সেটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। অথচ তখনো বিমানবন্দরের মনিটরে দেখানো হচ্ছিল, নির্ধারিত সময় উড়োজাহাজটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।
কামরুজ্জামান বলেন, এর আগে বিমানের পক্ষ থেকে একাধিকবার বলা হয়, বাংলাদেশে ঝড়ের কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ আটকে আছে। ঝড় থেমে গেলেই উড়োজাহাজ এসে পৌঁছাবে।
গত মধ্যরাতে যখন এ খবর পাওয়া যায়, তখন ঢাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কোনো কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।