কলকাতা বইমেলা শুরু বুধবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতার ঐতিহ্যবাহী বইমেলা শুরু হচ্ছে আগামী বুধবার থেকে। চলবে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। কলকাতায় এক সংবাদ সম্মেলনে গতকাল শনিবার বিকেলে বইমেলার আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় এ কথা জানান।
ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামীকাল সোমবার কলকাতার মিলনমেলা ময়দানে। ২৭ জানুয়ারি থেকে সবার জন্য আনুষ্ঠানিকভাবে শুরু হবে বইমেলা। এবারের বইমেলা ৪০ বছরে পা দিয়েছে। বইমেলায় যোগ দিচ্ছে বাংলাদেশসহ পৃথিবীর ২২টি দেশ। বাংলাদেশ থেকে আসছে ৩২টি প্রকাশনা সংস্থা। ৩ হাজার ৭০০ বর্গফুট জায়গাজুড়ে তৈরি করা হবে বাংলাদেশ প্যাভিলিয়ন বাংলা একাডেমির বর্ধমান হাউসের আদলে। এবারের বইমেলার থিম কান্ট্রি বলিভিয়া।
বইমেলায় ২ ফেব্রুয়ারি উদ্যাপিত হবে বাংলাদেশ দিবস। সেদিন মেলার এসবিআই অডিটোরিয়ামে আয়োজন করা হয়েছে ‘বাঙালিত্ব এবং বিশ্বায়ন’ শীর্ষক একটি সেমিনারের। সেমিনারে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।