কলকাতা বইমেলায় বাংলাদেশ দিবস ২৯ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় ঐতিহ্যবাহী বইমেলার উদ্বোধন হচ্ছে ২৭ জানুয়ারি বিকেলে। কলকাতার মিলনমেলা ময়দানে অনুষ্ঠিতব্য মেলা চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

বইমেলায় ২৯ জানুয়ারি বৃহস্পতিবার পালিত হবে বাংলাদেশ দিবস। এ উপলক্ষে ওই দিন বিকেলে বইমেলা চত্বরের এসবিআই মিলনায়তনে আয়োজন করা হয়েছে একটি বিশেষ সেমিনারের। সেমিনারের বিষয়বস্তু ‘বাংলাদেশের কথা সাহিত্যে কৈবর্ত জীবন সংগ্রাম’। মূল প্রবন্ধ পাঠ করবেন অধ্যাপক হরিশংকর জলদাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা বাংলাদেশের মহিলাবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ও সংস্কৃতিবিষয়ক সচিব রণজিৎ কুমার দাস। ওই সেমিনারে সভাপতিত্ব করবেন বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।

এবারের বইমেলায় বাংলাদেশ থেকে যোগ দিচ্ছে ৩২টি প্রকাশনা সংস্থা। এর মধ্যে পাঁচটি সরকারি প্রকাশনা।

কলকাতা উপহাইকমিশনে নিযুক্ত হেড অব চ্যান্সারি মিয়া মো. মাইনুল কবির আজ শনিবার দুপুরে প্রথম আলোকে জানান, এবার সাড়ে তিন হাজার বর্গফুট জায়গাজুড়ে তৈরি করা হচ্ছে বাংলাদেশ প্যাভিলিয়ন। এটি গড়া হচ্ছে নাটোরের ঐতিহাসিক ‘উত্তরা গণভবন’ এর আদলে।