আশুলিয়ায় সুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ড
ঢাকার আশুলিয়ার দেহরা এলাকায় গতকাল রোববার হুর-ই-শামস কম্পোজিট টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ তুলা ও সুতা পুড়ে গেছে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও কারখানা সূত্রে জানা গেছে, কারখানার আধা পাকা একতলা ভবনের ভেতরের একটি কক্ষে গতকাল বিকেল চারটায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই ওই কক্ষের আশপাশে আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার পরপরই কারখানার পক্ষ থেকে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) ফায়ার সার্ভিসকে জানানো হয়। খবর পেয়ে ডিইপিজেড থেকে দুটি ইউনিট এসে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেড়ে গেলে খবর দেওয়া হয় কালিয়াকৈর ও ধামরাই ফায়ার সার্ভিসকে। ওই সব এলাকা থেকে আরও তিনটি ইউনিট এসে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কারখানার উৎপাদন কর্মকর্তা নুরুল আলম বলেন, আগুন লাগার পরপরই কারখানার দুই হাজার শ্রমিক দ্রুত বের হয়ে যান।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আবদুল হামিদ বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তদন্ত করে পরে জানানো হবে। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও তিনি কিছু বলতে পারেননি।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, ‘আগুনে কারও আহত বা নিহত হওয়ার তথ্য আমাদের কাছে নেই।’
কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) আলতাফ হোসাইন হাওলাদার বলেন, তুলা দিয়ে সুতা তৈরির যন্ত্র থেকে আগুনের সূত্রপাত হয়।