কলকাতা বইমেলার আকর্ষণ বাংলাদেশ প্যাভিলিয়ন

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় চলমান আন্তর্জাতিক বইমেলায় গত বছরের মতো এবারও বইপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রে বাংলাদেশ প্যাভিলিয়ন। সাড়ে তিন হাজার বর্গফুট জায়গা নিয়ে নাটোরের উত্তরা গণভবনের আদলে তৈরি করা হয়েছে বাংলাদেশ প্যাভিলিয়ন। এই প্যাভিলিয়নে ঠাঁই পেয়েছে বাংলাদেশের ৩২টি প্রকাশনা সংস্থা। এর মধ্যে পাঁচটি সরকারি।

বাংলাদেশ প্যাভিলিয়নে বইপ্রেমীরা রীতিমতো লাইন ধরে প্রবেশ করছেন বাংলাদেশ প্যাভিলিয়নে। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে লাইন। পাঠকেরা তাঁদের পছন্দের বই কিনছেন। বিশেষ করে বাংলা একাডেমির ভাষাসংক্রান্ত বিভিন্ন বই, নজরুল ইনস্টিটিউটের বই, কম্পিউটারভিত্তিক বিভিন্ন বাংলা বইসহ সাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস এবারও রয়েছে চাহিদার শীর্ষে। বাংলাদেশের পল্লি সাহিত্য, গ্রামীণ জীবন, লোকগীতির নানা বইয়েরও চাহিদা রয়েছে। তবে কলকাতার পাঠকদের একটিই অভিযোগ, বাংলাদেশের বইয়ের দাম বেশি।
৩৯তম আন্তর্জাতিক এ বইমেলা শুরু হয়েছে গত ২৮ জানুয়ারি থেকে। চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।