কলকাতা বইমেলায় যাচ্ছেন বাংলাদেশের ২৬ প্রকাশক
কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এবার বাংলাদেশ থেকে অন্তত ২৬ জন প্রকাশক অংশ নেবেন। তাঁদের প্রতিষ্ঠানগুলোকে একই জায়গায় স্টল দেওয়ার জন্য আলাদা প্যাভিলিয়নের ব্যবস্থা করা হয়েছে। ২৭ জানুয়ারি এই মেলার উদ্বোধন হওয়ার কথা।
বইমেলার সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় গতকাল মঙ্গলবার দিল্লিতে এ কথা জানান। তিনি বলেন, এবারের বইমেলার ‘থিম কান্ট্রি’ যুক্তরাজ্য।
কলকাতা বইমেলায় বাংলাদেশের উপস্থিতি বেড়েই চলেছে—এ কথা জানিয়ে ত্রিদিব বলেন, এবারেও বাংলাদেশের প্যাভিলিয়নে তো বটেই, অন্য জায়গায়ও প্রতিদিন নানা বিষয়ে আলোচনা সভার আয়োজন করা হচ্ছে। বাংলাদেশের বিশিষ্ট লেখকেরা এবারেও কলকাতা আসছেন। বাংলাদেশ থেকে যাঁরা আসছেন, তাঁদের মধ্যে আছেন অধ্যাপক আনিসুজ্জামান, সৈয়দ শামসুল হক, সেলিনা হোসেন, ইমদাদুল হক মিলন প্রমুখ।
বাংলাদেশ ছাড়াও এবারের কলকাতা বইমেলায় অংশ নিচ্ছে কলম্বিয়া, স্পেন, এল সালভাদর, পেরু, যুক্তরাষ্ট্র, তুরস্ক, চীন, ভিয়েতনাম, জাপান, ফ্রান্স, ইকুয়েডর, চিলিসহ বেশ কিছু দেশ।