কলকাতা যাচ্ছেন এরশাদ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ ছয় দিনের সফরে আজ রোববার ভারতের কলকাতা যাচ্ছেন। ২৬ জুলাই তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
এরশাদের ব্যক্তিগত কর্মকর্তা ও দলের কোষাধ্যক্ষ মেজর (অব.) মো. খালেদ আখতার প্রথম আলোকে এ তথ্য জানান। তিনি জানান, এরশাদের সঙ্গে দলের মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু, ছেলে এরিখ ও ব্যক্তিগত সহকারী আবদুল ওয়াহাবও যাচ্ছেন।
আকস্মিক এ সফর সম্পর্কে জানতে চাইলে খালেদ আখতার বলেন, এটা এরশাদের ব্যক্তিগত সফর। এ সফরে তাঁর সঙ্গে ভারতের সরকারি পর্যায়ের কারও সঙ্গে নির্ধারিত কোনো বৈঠক নেই।
এরশাদের ঘনিষ্ঠ অপর একটি সূত্র জানায়, ছেলে এরিখের চিকিৎসা ও পড়াশোনা নিয়ে এরশাদ কিছুটা চিন্তিত। কলকাতায় এরিখকে চিকিৎসক দেখানো হবে। তবে জাপার সভাপতিমণ্ডলীর একজন সদস্য জানান, ৫ জানুয়ারির নির্বাচনে দ্বিমুখী অবস্থানের কারণে ওই সময় ভারতের সঙ্গে এরশাদের দীর্ঘদিনের সম্পর্কের ছন্দপতন ঘটে। তাই ব্যক্তিগত সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে এরশাদ এ সফরে সুযোগ পেলে নরেন্দ্র মোদি সরকারের গুরুত্বপূর্ণ দু-একজন ব্যক্তির সঙ্গে দেখা করতে পারেন।