কলকাতা হতবাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় জঙ্গি হামলার ঘটনায় হতবাক প্রতিবেশী কলকাতা। এখানকার রাজনৈতিক মহল মনে করছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশ-ভারত দুই দেশকে একসঙ্গে লড়াই করা ছাড়া বিকল্প কিছু নেই।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ঘটনার পর গতকাল শনিবার রাজ্যের নিরাপত্তা জোরদার করার জন্য উচ্চপর্যায়ের বৈঠক করেছেন। গতকাল এই হামলার খবর কলকাতার প্রায় সব দৈনিকই গুরুত্ব দিয়ে ছাপে। গতকাল সারা দিন বিভিন্ন সংবাদ চ্যানেলেও খবরটি গুরুত্ব দিয়ে প্রচার করা হয়।
পশ্চিমবঙ্গের প্রবীণ কংগ্রেস নেতা ও রাজ্য বিধানসভার বিরোধীদলীয় নেতা আবদুল মান্নান গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘এটা মেনে নেওয়া যায় না। পবিত্র ঈদের আগে এই ঘটনা আমাদের বিবেকে দারুণ নাড়া দিয়েছে। ধর্মের নামে এই হত্যা বন্ধ করতে হবে। এই সন্ত্রাসকে মোকাবিলা করতে হবে ঐক্যবদ্ধভাবে।’
পশ্চিমবঙ্গ বিধানসভার বামফ্রন্টের পরিষদীয় দলের নেতা ও সিপিএমের রাজ্য কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, ‘বাংলাদেশ আমাদের শুধু প্রতিবেশী দেশই নয়; ভাষা, সংস্কৃতি, সভ্যতার বিচারে যেন আমরা এক হয়ে যাই। তাই এই সন্ত্রাসবাদের মোকাবিলাও আমাদের একযোগে করতে হবে।’
বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা বলেন, ‘বাংলাদেশ সরকারের আরেকটু আগে তৎপর হওয়া উচিত ছিল। তাহলে হয়তো এত বড় দুর্ঘটনা এড়ানো যেত।’ তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশ সরকারের রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। নরেন্দ্র মোদিও বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ দমনের জন্য কাজ করছেন। আমরা বাংলাদেশের পাশে আছি এবং থাকব।’
আরএসপি নেতা ক্ষিতি গোস্বামী এ ঘটনার পেছনে কারা আছে তা খুঁজে বের করার দাবি জানিয়েছেন। ফরোয়ার্ড ব্লকের রাজ্য কমিটির সদস্য দেবব্রত রায় বলেছেন, ‘সন্ত্রাসবাদীদের জাত, ধর্ম, রাজনীতি কিছুই নেই। ওরা নিরীহ মানুষকে হত্যা করছে। এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।’
ঢাকায় জঙ্গি হামলার ঘটনার প্রতিবাদে গতকাল বিকেলে কলকাতার একাডেমি অব ফাইন আর্টস চত্বরে ভাষা ও চেতনা সমিতির ডাকে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এখানেও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন বিদ্বজ্জনেরা।