কলকাতা হাইকোর্টে মমতাজের জামিন বাতিল
বাংলাদেশের সংগীতশিল্পী ও সাংসদ মমতাজ বেগমের জামিন বাতিল করে দিয়েছেন কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী হাজিরা না দেওয়ায় গতকাল মঙ্গলবার বিচারপতি অসীম বন্দ্যোপাধ্যায় ওই রায় দেন। এর আগে মমতাজ বেগমকে সশরীরে বা কোনো আইনজীবীর মাধ্যমে গত ১৪ ফ্রেব্রুয়ারি আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। .প্রসঙ্গত, চুক্তি ভঙ্গের অভিযোগের একটি মামলায় মমতাজকে এর আগে পশ্চিমবঙ্গের বহরমপুরের জেলা ও দায়রা জজ আদালত অন্তর্বর্তীকালীন জামিন দেন। তবে পরবর্তী সময়ে তিনি নিম্ন আদালতে হাজির হননি। এরপর আদালতে উপস্থিত হওয়ার জন্য মমতাজের বিরুদ্ধে সমন জারি করা হয়। কিন্তু, গত ১ সেপ্টেম্বর নিম্ন আদালতে উপস্থিত না হওয়ায় বহরমপুরের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।২০০৯ সালে মুর্শিদাবাদের সংগীত আয়োজক শক্তিশঙ্কর বাগচি শিল্পী মমতাজের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ এনে বহরমপুর আদালতে মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, মমতাজের সঙ্গে শক্তিশঙ্করের ১৪ লাখ টাকার একটি চুক্তি হয়। ওই চুক্তি অনুযায়ী ভারতে মমতাজ শুধু শক্তিশঙ্করের আয়োজিত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করতে পারবেন। কিন্তু, মমতাজ চুক্তি ভঙ্গ করায় ওই মামলা করা হয়।