কলকাতাগামী বাসে যাত্রীবেশে আট ডাকাত!
কলকাতাগামী শীতাতপনিয়ন্ত্রিত গ্রিন লাইন পরিবহনের একটি বাসে ডাকাতি করতে যাত্রীবেশে উঠেছিলেন আট যুবক।
গত বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর গাবতলী এলাকায় ওই বাসে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল গাবতলীর বাস টার্মিনালে গ্রিন লাইন পরিবহনে অভিযান চালায়। একপর্যায়ে তারা ডাকাত দলের সদস্য জাকির হোসেন (৪০), মাখন (৩৫), হুমায়ুন কবির (২৫), শাহাদত শেখ (৩২), মো. খোকন (৩০), আবু সালেহ (৩৫) ও লাভলু মোল্লাকে (২৫) গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে আটটি চাকু উদ্ধার করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী ডিবির সহকারী কমিশনার জুয়েল রানা প্রথম আলোকে বলেন, উদ্ধার করা চাকুগুলো জুতার মধ্যে লুকিয়ে রেখেছিলেন ডাকাতেরা। জিজ্ঞাসাবাদে তাঁরা ডিবিকে জানান, বাসটি আরিচা পার হয়ে ফরিদপুর অতিক্রম করার পর ডাকাতি করার প্রস্তুতি ছিল তাঁদের।
ডিবির সহকারী কমিশনার জানান, ডাকাতি শেষে তাঁরা সুবিধামতো স্থানে নেমে যেতেন। দলের সদস্য একজন দক্ষ বাসচালক।
এ ব্যাপারে দারুস সালাম থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে একটি মামলা হয়েছে।