কলকাতায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উদ্যাপিত

কলকাতায় উদ্যাপিত হল ঐতিহাসিক মুজিব নগর দিবস। এ উপলক্ষে আজ শুক্রবার বিকেলে কলকাতার ঐতিহাসিক থিয়েটার রোডের ৮ নম্বর বাড়িতে বাংলাদেশ উপহাইকমিশনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
১৯৭১ সালের ১৭ এপ্রিল বাংলাদেশের মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে শুরু হয়েছিল স্বাধীন বাংলাদেশ সরকারের প্রথম যাত্রা। পরবর্তীতে বৈদ্যনাথতলা হয়ে যায় মুজিব নগর। আর সেদিনের এই সরকারের অস্থায়ী কার্যালয় ছিল কলকাতার ঐতিহাসিক থিয়েটার রোডের ৮ নম্বর বাড়ি। এই বাড়িতে বসেই পরিচালিত হয়েছিল অস্থায়ী বাংলাদেশ সরকারের কার্যক্রম। তখন এই বাড়িটি স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকারকে দিয়েছিল ভারত সরকার। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে এই বাড়িটি কেন্দ্রীয় সরকার তুলে দেন শ্রী অরবিন্দ আশ্রমকে। এরপরে ১৯৭৩ সালের ১৬ ফেব্রুয়ারি এই ভবনটির যাত্রা শুরু হয় শ্রী অরবিন্দ ভবন হিসেবে।
আজ অরবিন্দ ভবনের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় ৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং সেদিনের অস্থায়ী বাংলাদেশ সরকারের কার্যক্রম নিয়ে মূল প্রবন্ধ পাঠ করেন কলকাতা দূরদর্শণের সাবেক অধিকর্তা পংকজ সাহা।
আলোচনা সভায় বক্তব্য দেন সাংবাদিক সুখরঞ্জন দাসগুপ্ত, ভারতীয় সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল (অব.) শংকর রায় চৌধুরী, কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার জকি আহাদ প্রমুখ।