কলকাতায় শুরু হলো বাংলাদেশ বইমেলা
বাংলাদেশের শিক্ষাবিদ আনিসুজ্জামান বলেছেন, ‘বইয়ের কোনো সীমাবদ্ধতা নেই। বই দিয়ে আমরা একটি দেশের মানুষকে জানি, চিনি। বই আমাদের জানায় এবং বইয়ের মাধ্যমে আমরা জানি। বইমেলা আমাদের দুই দেশের পাঠকের মধ্যে একটি সংযোগ সেতু তৈরি করতে পারে।’
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতায় বাংলাদেশ বইমেলা উদ্বোধন করে এ কথা বলেছেন বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান।
আজ থেকে কলকাতায় শুরু হয়েছে ১০ দিনব্যাপী বাংলাদেশ বইমেলা। এবার এই বইমেলা ষষ্ঠ বছরে পা দিয়েছে। বাংলাদেশে প্রকাশিত বিভিন্ন বই নিয়ে এই বইমেলার আয়োজন। কলকাতার রবীন্দ্রসদন প্রাঙ্গণে আয়োজিত এই বইমেলার উদ্বোধন করেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কবি শঙ্খ ঘোষ ও বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। সভাপতিত্ব করেন কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনার জকি আহাদ।
আনিসুজ্জামান আরও বলেন, ‘বই পারে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে। আমি মনে করি সংস্কৃতিই পারবে আমাদের দুই দেশের বন্ধুত্বকে আরও দৃঢ় করতে। আর এই বইমেলা হবে অন্যতম এক শক্তি।’
কবি শঙ্খ ঘোষ বলেন, এই বইমেলার মাধ্যমে দুই বাংলার যোগাযোগ আরও ঘনিষ্ঠ হবে। শামসুজ্জামান খান বলেন, ‘এই বইমেলা আমাদের সংস্কৃতির যোগাযোগ আরও দৃঢ় করবে। সাংস্কৃতিক জাগরণের সেতু হবে এই বইমেলা।’ বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গনি বলেন, এই বইমেলা বাড়াবে আমাদের সংস্কৃতির বন্ধন। মেলা চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। মেলার আয়োজন করেছে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন, বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো, জাতীয় গ্রন্থকেন্দ্র এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি। অংশ নিয়েছে বাংলাদেশের ৪৭টি প্রকাশনা সংস্থা।