কলকাতায় সাড়ম্বরে বিজয় দিবস উদযাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতার ফোর্ট উইলিয়ামের শহীদ মিনারে বীর যোদ্ধাদের স্মৃতিতে পুষ্পমাল্য অর্পণ করছেন বাংলাদেশের সমাজকল্যাণমন্ত্রী মহসিন আলী। ছবি: ভাস্কর মুখার্জি, কলকাতা
কলকাতার ফোর্ট উইলিয়ামের শহীদ মিনারে বীর যোদ্ধাদের স্মৃতিতে পুষ্পমাল্য অর্পণ করছেন বাংলাদেশের সমাজকল্যাণমন্ত্রী মহসিন আলী। ছবি: ভাস্কর মুখার্জি, কলকাতা

পশ্চিমবঙ্গের কলকাতায় যথাযোগ্য মর্যাদায় আজ মঙ্গলবার উদযাপিত হয়েছে বাংলাদেশের ৪৪তম বিজয় দিবস। দিনটি পালন করেছে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডও। পূর্বাঞ্চলীয় কমান্ড এ উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠামালার আয়োজন করেছে।
পূর্বাঞ্চলীয় সেনা সদর কলকাতার ফোর্ট উইলিয়ামে আয়োজিত এই বিজয় উৎসবে বাংলাদেশ থেকে ৩০ জন মুক্তিযোদ্ধা, ছয়জন সেনা কর্মকর্তা এবং তাঁদের পরিবার পরিজন যোগ দিয়েছেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী। কলকাতার পূর্বাঞ্চলীয় সেনা সদরে আজ সকালে বিজয় দিবসের সূচনা অনুষ্ঠান হয়। ১৬ ডিসেম্বরের স্মরণে তৈরি বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ ও ভারতের প্রতিনিধিরা। বাংলাদেশের পক্ষে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন মন্ত্রী মহসিন আলী, মেজর জেনারেল আবু সাইদ মো. মাসুদ, এয়ার কমোডর এ কে এম রফিক উদ্দিন, ক্যাপ্টেন মুস্তাফা কামাল নাসিরসহ সাবেক সেনা কর্মকর্তারা।

বাংলাদেশের তিন সেনা কর্মকর্তাও বীর যোদ্ধাদের স্মৃতিতে সম্মান জানাচ্ছেন। ছবি: ভাস্কর মুখার্জি, কলকাতা
বাংলাদেশের তিন সেনা কর্মকর্তাও বীর যোদ্ধাদের স্মৃতিতে সম্মান জানাচ্ছেন। ছবি: ভাস্কর মুখার্জি, কলকাতা


শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের তিন বাহিনীর প্রধান যথাক্রমে লে. জে. এম এম এস রাই, ভাইস এডমিরাল সতীশ সনি, এয়ার ভাইস মার্শাল এইচ জে ওয়ালিহাসহ সাবেক সেনা কর্মকর্তারা। ’৭১-এর শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানানোর জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়। হেলিকপ্টার থেকে শহীদ স্মৃতিস্তম্ভে গোলাপের পাপড়ি ছড়িয়ে দেওয়া হয়।

কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনও নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করে। সকালে উপহাইকমিশন চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটির আনুষ্ঠানিক সূচনা করেন কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনার জকি আহাদ। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের অয়োজন করা হয়। ঢাকা থেকে আসা বাংলাদেশের শিল্পীরা এতে যোগ দেন।
কলকাতার ইন্দো-বাংলাদেশ কালচারাল সেন্টার দিনটি পালন করেছে নানা কর্মসূচির মাধ্যমে। বিকেলে একাডেমি অব ফাইন আর্টস মিলনায়তনে আয়োজন করা হয় এক সেমিনারের। এ ছাড়াও কলকাতার ফ্রেন্ডস অব বাংলাদেশও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেছে।