কলকাতার গেস্টহাউসে আগুন, বাংলাদেশির মৃত্যু
মধ্য কলকাতার ফ্রি স্কুল স্ট্রীটে রাহবার নামের একটি গেস্টহাউসে আগুন লেগে অন্তত একজনের মৃত্যু হয়েছে এবং তিনজন আহত হয়েছেন। আজ শনিবার ভোরে এ আগুন লাগে।
মৃত ব্যক্তি একজন নারী। তিনি বাংলাদেশের নাগরিক। পুলিশ জানিয়েছে, তাঁর নাম শামীমাতুল আরস (৬০)।
মেহতাব আলম নামের ৪২ বছরের আরেক ব্যক্তি আহত হয়েছেন এবং তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের এক ব্যক্তি মইনুল হককেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোট ১৬ জনকে গেস্টহাউস থেকে উদ্ধার করা হয়েছে বলে নিউমার্কেট থানার পুলিশ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গেস্টহাউসটির নিচের তলায় আগুন লাগে এবং তা দ্রুত ওপরের দিকে ওঠে যায়।
ধারণা করা হচ্ছে, গেস্টহাউসের নিচতলার রিসিপশনের পাশের একটি কক্ষ থেকে আগুন ছড়িয়ে পড়ে। যে সময় আগুন লাগে সে সময় সবাই ঘুমাচ্ছিলেন ফলে কক্ষ থেকে কেউ বের হতে পারেননি। এ সময় অন্তত ১০টি কক্ষ পুড়ে যায় বলে পুলিশ জানিয়েছে। তবে আগুন আরও ছড়িয়ে পড়ার আগেই ফায়ার সার্ভিসের ছয়টি গাড়ি ঘটনাস্থলে পৌছে এবং আগুন নিয়ন্ত্রণে আনে।
নিউমার্কেট অঞ্চলে গত এক বছরে কয়েকটি ছোটখাটো আগুন লাগার ঘটনা ঘটলেও এত বড় মাপের ঘটনা ঘটেনি। গেস্টহাউসের ইলেকট্রিক্যাল ওয়্যারিং এবং আগুন নেভানোর ব্যবস্থা কী অবস্থায় ছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।