কলকাতার জাদুঘরে বঙ্গবন্ধুর মোমের প্রতিমূর্তি

স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি মোমের প্রতিমূর্তি স্থাপন করা হলো কলকাতার একটি জাদুঘরে। কলকাতার নিউটাউনের ‘মাদার ওয়াক্স মিউজিয়াম’-এ গত শুক্রবার এটি উন্মোচন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘বঙ্গবন্ধুকে আমরা হৃদয়ের মধ্যে চিরদিনের জন্য রেখে দিলাম। আমরা (বাংলাদেশের প্রধানমন্ত্রী) শেখ হাসিনাকে জানাতে চাই, বঙ্গবন্ধুকে আমরা ভুলিনি। তাঁকে কোনো দিন ভুলবও না। বঙ্গবন্ধু বাংলাদেশের স্রষ্টা, তাঁকে ভোলা যায় না।’
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, শেখ হাসিনা ও বাংলাদেশের মানুষের কাছ থেকে যে ভালোবাসা তিনি পেয়েছেন, তা ভোলার মতো নয়।
কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের প্রথম সচিব (প্রেস) মোফাক্কারুল ইকবাল শুক্রবার এক বিবৃতিতে বঙ্গবন্ধুর প্রতিমূর্তি স্থাপনের এই খবর জানান। বিবৃতিতে বলা হয়, কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনার জকি আহাদ বাংলাদেশের মানুষের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ছবিসহ কিছু নিদর্শন তাঁর ভাস্কর্যটির সামনে রাখার প্রস্তাব দিয়েছেন। জাদুঘর কর্তৃপক্ষ এ প্রস্তাবে সম্মতি দিয়েছে। ২২ কেজি ওজনের বঙ্গবন্ধুর প্রতিমূর্তিটি তৈরি করেছেন শিল্পী সুশান্ত রায়।