কলকাতার নিরাপত্তা জোরদার, সীমান্তে বাড়তি সতর্কতা
ঢাকার অভিজাত এলাকা গুলশানের একটি রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় কলকাতাসহ ভারতের পশ্চিমবঙ্গে আতঙ্ক বিরাজ করছে। বাড়ানো হয়েছে কলকাতার নিরাপত্তা। সীমান্তে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতামূলক পদক্ষেপ।
সামনে একই দিনে পবিত্র ঈদ ও রথযাত্রা। এর আগে ঢাকার রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় আতঙ্কিত পশ্চিমবঙ্গের মানুষ। জঙ্গিরা কলকাতায়ও হামলা চালাতে পারে—এই আশঙ্কায় বিপণিবিতানসহ জনবহুল এলাকা এবং শহরে অবস্থিত দূতাবাসগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সীমান্তে বাড়তি সতর্কতা জারির নির্দেশ দেওয়া হয়েছে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গি হামলার নিন্দা জানিয়ে ফেসবুক বার্তায় বলেছেন, ‘আমরা আপনাদের পাশে আছি। পবিত্র রমজান মাসে শান্তি ও ঐক্যের জন্য প্রার্থনা করছি। নিন্দা জানাচ্ছি এই সন্ত্রাসের। সন্ত্রাসবাদের কোনো সীমান্ত নেই, কোনো ধর্ম নেই।’
এদিকে ঢাকায় ওই হামলার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের নিরাপত্তার লক্ষ্যে আরও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। বিশেষ করে বাংলাদেশ সীমান্তসংলগ্ন পাঁচটি জেলায় বাড়তি সতর্কতা জারি করার নির্দেশ দিয়েছেন। এই পাঁচটি জেলা হলো মালদহ, মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা। পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রসচিব মলয় দে ইতিমধ্যে সীমান্তবর্তী জেলার পুলিশ সুপারদের এই নির্দেশ পাঠিয়েছেন। এই পাঁচ জেলার পুলিশ সুপারদের সঙ্গে নিরাপত্তা নিয়ে বৈঠকও করেছেন সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কর্মকর্তারা।
পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের একাংশ মনে করছে, ঢাকায় ওই হামলার পর বাংলাদেশের জঙ্গিদের কেউ কেউ পশ্চিমবঙ্গে পালিয়ে আসতে পারে। তাই এই জঙ্গি অনুপ্রবেশ আটকাতে সীমান্তে কড়া টহলদারি শুরু হয়েছে। বনগাঁ ও বসিরহাটের সীমান্ত এলাকায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট।
কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনসহ বিভিন্ন দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে কলকাতার ঐতিহাসিক স্থাপনা, রেলস্টেশন, পাতালরেল স্টেশন, বিমানবন্দর, নৌবন্দর, ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, গির্জা, শপিং মল, প্রেক্ষাগৃহ, রেস্তোরাঁ এবং বাস স্টেশনসহ বিভিন্ন জনবহুল বাজার এলাকায়।
কলকাতা গোয়েন্দা পুলিশের প্রধান বিশাল গর্গ বলেছেন, শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিধাননগরের ডেপুটি পুলিশ কমিশনার নিশাত পারভেজ বলেছেন, বিধাননগর পুলিশ কমিশনারেট এলাকায় তল্লাশি বাড়ানো হয়েছে। নজরদারি চলছে বিপণিবিতানসহ বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয়।