কলকাতার বস্তির চেয়ে সিলেটের বস্তি উন্নত: অর্থমন্ত্রী
সিলেটের বস্তিবাসী সব ধরনের সুযোগ-সুবিধা পাচ্ছে। এ বস্তিগুলো কলকাতার বস্তির চেয়ে উন্নত। এ মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ শনিবার বিকেলে সিলেটে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে উন্নয়ন প্রকল্প নিয়ে মতবিনিময় সভায় তিনি সরকারের গৃহীত উন্নয়ন প্রকল্পগুলোর কাজ বিলবোর্ডের মাধ্যমে জনগণকে অবহিত করার তাগিদ দেন।
অর্থমন্ত্রী বলেন, সিলেট ব্যতীত দেশের সব জায়গায় সরকারি কোনো প্রকল্প হাতে নিলে তা সে এলাকার জনগণকে অবহিত করা হয়। কিন্তু সিলেটে সেটি করা হয় না। এটি করলে জনসাধারণ প্রকল্পগুলো সম্পর্কে অবগত হবে।
সভায় অর্থমন্ত্রী সিলেটের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতির খোঁজখবর নেন। নগরের কেন্দ্রস্থল থেকে চলতি বছরের মধ্যে কারাগার স্থানান্তরের কথা জানিয়ে তিনি বলেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সিলেট কেন্দ্রীয় কারাগারের কাজ সম্পন্ন করতে হবে এবং উদ্বোধন করা হবে।
মতবিনিময় সভা সমন্বয় করেন সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার।
সভায় অর্থমন্ত্রীর ছোট ভাই চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান এ কে আবদুল মোমেন, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগরের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, গণপূর্ত বিভাগের প্রকৌশলী শেখ মিজানুর রহমানসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা অংশ নেন।