কলকাতার মেলায় বাংলাদেশের ৮৬ প্রতিষ্ঠান
বাংলাদেশের মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ভারতে বাংলাদেশের ঐতিহ্যবাহী ঢাকাই জামদানি শাড়ির বাজার আরও বিস্তৃত করার আহ্বান জানিয়েছেন। গতকাল শুক্রবার কলকাতায় ১৪ তম ভারত-আন্তর্জাতিক মেগা ট্রেড ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
গতকাল সন্ধ্যায় এই মেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র। মেলায় বাংলাদেশের ৮৬টি শিল্প প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্য নিয়ে যোগ দিয়েছে। এর মধ্যে বাংলাদেশের জামদানি শাড়ির প্রতিষ্ঠানই ছিল সংখ্যায় বেশি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার জকি আহাদসহ আরও অনেকে। কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের প্রথম সচিব (বাণিজ্যিক) মোহাম্মদ সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেছেন, এবারে এই মেলায় বাংলাদেশের ঐতিহ্যবাহী ঢাকাই জামদানিকে ফোকাস করা হয়েছে। তিনি বলেন, গোটা ভারতে ঢাকাই জামদানির বাজার তৈরি করাই তাদের লক্ষ্য।
এই মেলার আয়োজক কলকাতার বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং জিএস অ্যাসোসিয়েটস যৌথভাবে। মেলার এবারেরও পার্টনার কান্ট্রি বাংলাদেশ। মেলা চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত।