একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকরের খবরটি গত বৃহস্পতিবার রাত থেকেই গুরুত্বের সঙ্গে প্রচার করেছে কলকাতার গণমাধ্যম।
বৃহস্পতিবার রাত ১০টা এক মিনিটে (বাংলাদেশ সময়) ফাঁসি কার্যকরের পরপরই কলকাতার সবগুলো টেলিভিশন চ্যানেল তা প্রচার শুরু করে। গতকাল সেখানকার সব পত্রিকা ফাঁসির খবরটি গুরুত্বের সঙ্গে প্রকাশ করে। প্রভাবশালী বাংলা দৈনিক আনন্দবাজার ‘কাদের মোল্লার ফাঁসি’ শিরোনামে খবরটি ছেপেছে প্রথম পাতার প্রথম কলামে। পত্রিকাটি ভেতরের পাতায় আরেকটি খবর ছেপেছে ছয় কলামজুড়ে ‘কাদের মোল্লার ফাঁসি, উল্লাসে মাতল ঢাকা’ শিরোনামে।
দৈনিক এই সময় ‘নাটকের শেষ, ফাঁসি হয়ে গেল কাদের মোল্লার’ শিরোনামে খবরটি ছেপেছে প্রথম পাতায় দুই কলামজুড়ে। ভেতরের পাতায় পাঁচ কলামজুড়ে রয়েছে ‘ফাঁসির পর রাতেই তপ্ত বাংলাদেশ’ শিরোনামে আরও একটি খবর। দৈনিক বর্তমান প্রথম পাতায় পাঁচ কলামজুড়ে ‘আরজি খারিজ হতেই ফাঁসি হলো কাদের মোল্লার’ শিরোনামে খবর ছেপেছে। দৈনিক আজকাল-এর প্রথম পাতায় চার কলামজুড়ে প্রকাশিত খবরের শিরোনাম ছিল ‘কসাই কাদেরের ফাঁসি’।