সিলেটে জঙ্গি আস্তানায় অভিযানের খবরটি গুরুত্বসহকারে প্রকাশ করেছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা থেকে প্রকাশিত সংবাদপত্রগুলো। গতকাল সোমবার দৈনিক আজকাল-এ ছবিসহ সাত কলামজুড়ে প্রধান খবর ‘সিলেটে জঙ্গিডেরা ঘিরে চলছে তুমুল যুদ্ধ, মৃত ৮’। সংবাদ প্রতিদিন-এর প্রথম পাতায় তিন কলামের শিরোনাম, ‘সিলেটে জঙ্গি-সন্ত্রাস: বিস্ফোরণে নিহত দুই আইএস জঙ্গি, হত মোট ৮’। দৈনিক বর্তমানও প্রথম পাতায় সংবাদটি ছেপেছে ৫ কলামে। শিরোনাম, ‘অগ্নিগর্ভ বাংলাদেশের সিলেট, দায় নিল আইএস, টানা তিন দিন চলছে গুলির লড়াই, বিস্ফোরণ’। দৈনিক যুগশঙ্খ প্রথম পাতায় ৪ কলামজুড়ে প্রধান খবর করেছে, সঙ্গে ছবি। শিরোনাম, ‘দায় নিল আইএস! সিলেটে খতম আরও দুই জঙ্গি, চলছে অভিযান’। আনন্দবাজার ৮-এর পাতায় দুই কলামে শিরেনাম ‘সিলেটে অব্যাহত সংঘর্ষ, হত দুই জঙ্গি’। এই সময় দ্বিতীয় পাতায় ছবিসহ শিরোনাম করেছে, ‘সিলেটে নিহত ২, জঙ্গি হানাদারির দায় নিল আইএস’।