কলকাতায় আজ থেকে বাংলাদেশ বইমেলা শুরু
কলকাতার ঐতিহ্যবাহী রবীন্দ্র সদন প্রাঙ্গণে আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ বইমেলা। এবার এই বইমেলা ছয় বছরে পা দিল। বাংলাদেশে প্রকাশিত বই নিয়ে আয়োজিত এই মেলা চলবে ১০ দিন।
বইমেলার উদ্বোধন করবেন বাংলাদেশের অধ্যাপক আনিসুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিশেষ অতিথি থাকবেন মন্ত্রী ইন্দ্রনীল সেন ও কবি শঙ্খ ঘোষ।
গতকাল বুধবার বিকেলে কলকাতা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেলার বিভিন্ন তথ্য প্রকাশ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গনি, সহসভাপতি মাজহারুল ইসলাম এবং কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপহাইকমিশনের প্রেস সচিব মো. মোফাখখারুল ইকবাল।
এ মেলার আয়োজক কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন, বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি।
এতে বাংলাদেশের ৫০টি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে। মেলায় প্রতিদিন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান যাতে অংশ নেবেন ঢাকা ও কলকাতার শিল্পীরা।
প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত এই মেলা চলবে। তবে শনি ও রোববার চলবে রাত ৯টা পর্যন্ত।