কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতার জোড়াসাঁকোর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রমঞ্চে গতকাল বৃহস্পতিবার ‘ভারত উপমহাদেশের সাহিত্যে ভারতভাগের প্রভাব’ শীর্ষক এক সেমিনার শুরু হয়েছে। এই সেমিনারে যোগ দিয়েছেন দেশ-বিদেশের নামীদামি কবি-সাহিত্যিক ও লেখকেরা।সেমিনারে বাংলাদেশ থেকে যোগ দিয়েছেন প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও নারীনেত্রী, গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের খণ্ডকালীন শিক্ষক মালেকা বেগম।নয়াদিল্লির গান্ধী স্মৃতিদর্শন সমিতি, কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় যৌথভাবে এই সেমিনারের আয়োজন করেছে।গতকাল সকালে এই সেমিনারের উদ্বোধন করেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করুণাসিন্ধু দাস। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ভারত উপমহাদেশ ভাগ হলেও এই উপমহাদেশের সাহিত্য ভাগ হয়নি। আজও এই উপমহাদেশের সাহিত্যে জুড়ে রয়েছে কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, প্রেমচাঁদ, গালিব, ইকবাল, ফয়েজ আহমেদ প্রমুখ প্রথিতযশা ব্যক্তিত্ব। তাঁরা এখনো এই মহাদেশের সাহিত্যে উজ্জ্বল। সাহিত্যের প্রেরণাদাতা।তিন দিনব্যাপী সেমিনারে বাংলা, ইংরেজি, হিন্দি, সংস্কৃত, উর্দু, পাঞ্জাবি ও বাংলাদেশের সাহিত্য নিয়ে বিশেষ আলোচনা হবে। কাল শনিবার সেমিনারের শেষ দিনে বাংলাদেশের পরিচালক তানভীর মোকাম্মেল পরিচালিত ভারতভাগের ওপর নির্মিত চিত্রা নদীর পাড়ে চলচ্চিত্র এবং শাহরিয়ার কবির পরিচালিত তথ্যচিত্র পোর্ট্রেট অব জিহাদ প্রদর্শন করা হবে।