প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে আগামী শনিবার কয়েকটি মানবাধিকার সংগঠনকে সঙ্গে নিয়ে কলকাতায় বিক্ষোভ সমাবেশ করবে ইসলামপন্থী কয়েকটি সংগঠন।মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতাদের বিচার চলার সময় কলকাতায় এই বিক্ষোভের পরিকল্পনা করা হলো। এরই মধ্যে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ তিনজনের সাজা ঘোষণা করা হয়েছে।কলকাতার কয়েকজন মুসলিম নেতা সাঈদীর মুক্তি দাবি করেছেন। শনিবারের বিক্ষোভে টিপু সুলতান মসজিদের শাহি ইমাম প্রখ্যাত মুসলিম নেতা সৈয়দ মো. নুরুর রহমান বারকাতি ও শশীপুর মসজিদের ইমাম সৈয়দ আতহার আব্বাস রিজভি যোগ দিতে পারেন।অল বেঙ্গল মাইনোরিটিস ইয়ুথ ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান বলেন, ‘আমরা বাংলাদেশের হাইকমিশনে আমাদের দাবি জানিয়েছি। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’ তিনি জানান, তাঁদের দাবি মানা না হলে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করতে ভারত সরকারের কাছে দাবি জানানো হবে।বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে গতকাল মঙ্গলবার এই বিক্ষোভ করতে চেয়েছিল আয়োজকেরা। কিন্তু পুলিশের অনুমতি না পাওয়ায় তা শনিবার করার সিদ্ধান্ত হয়। এক্সপ্রেস নিউজ সার্ভিস।