কলকাতায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

কলকাতার ৮ নম্বর থিয়েটার রোডের শ্রী অরবিন্দ ভবনে আজ রোববার পালিত হয়েছে ঐতিহাসিক মুজিবনগর দিবস।
আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের উদ্যোগে ৮ নম্বর থিয়েটার রোডের ওই ভবনের মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনার জকি আহাদ।
আলোচনা সভায় ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও ওই সময়ের অস্থায়ী বাংলাদেশ সরকারের কার্যক্রম নিয়ে মূল প্রবন্ধ পাঠ করেন কলকাতা দূরদর্শনের সাবেক বার্তা সম্পাদক ভবেশ দাস। আলোচনায় আরও অংশ নেন সাংবাদিক মানস ঘোষ এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী প্রমুখ। আলোচনা সভা শেষে কলকাতার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত বাংলাদেশের ছাত্রছাত্রীরা গণসংগীত পরিবেশন করেন।
১৯৭১ সালের ১৭ এপ্রিল তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। পরে বৈদ্যনাথতলার নামকরণ করা হয় মুজিবনগর। আর সেদিনের এই সরকারের অস্থায়ী কার্যালয় ছিল কলকাতার ঐতিহাসিক থিয়েটার রোডের ৮ নম্বর বাড়িটি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে এই বাড়িটি ভারতের কেন্দ্রীয় সরকার তুলে দেয় শ্রী অরবিন্দ আশ্রমকে। ১৯৭৩ সালের ১৬ ফেব্রুয়ারি এই ভবনটির যাত্রা শুরু হয় শ্রী অরবিন্দ ভবন হিসেবে।