কলকাতায় গানের উৎসবে ঢাকার খাবার
পুরান ঢাকার ঐতিহ্যবাহী মোরগ পোলাও, কাচ্চি বিরিয়ানি, তেহারি, ইলিশ পোলাও, ভুনা খিচুড়ির সঙ্গে খাসির ঝাল কালিয়া। জলপাইয়ের আচার আর বোরহানি। সঙ্গে আরও আছে মচমচে বাকরখানি, জর্দা, ছাঁচে তৈরি নকশি পিঠা আর নড়াইলের খেজুরগুড়ের নরম পাকের সন্দেশ। ঢাকার এসব ঐতিহ্যবাহী খাদ্যসম্ভার অনুষঙ্গ হিসেবে যুক্ত হয়েছে কলকাতায় বাংলা গানের উৎসবে।আইটিসি এসআরএ কার্যালয়ের সামনে গানের শ্রোতাদের জন্য রসনা পরিতৃপ্তিরও ব্যবস্থা করেছেন বেঙ্গল ফাউন্ডেশনের কর্তারা, উদ্বোধনী দিন ৮ ফেব্রুয়ারি থেকেই। এসআরএ কার্যালয়ের সামনের আঙিনায় তিন পাশে স্টল সাজিয়ে মেলার মতো পরিবেশ সৃষ্টি করা হয়েছে। এসব স্টলে রয়েছে ঢাকার ঐতিহ্যবাহী রকমারি খাবারের সমাহার।আধুনিক বাংলা গান: উৎসবের শুরু থেকে প্রায় প্রতিদিনই রবীন্দ্রনাথের গান কেউ না কেউ করছেনই। গতকাল পঞ্চম দিনে এর সঙ্গে যোগ হলো আধুনিক গান। গেয়ে শোনালেন ফাহমিদা নবী ও বাপ্পা মজুমদার। তাঁদের দুটি অ্যালবামেরও মোড়ক উন্মোচন হলো। রবীন্দ্রনাথের গান গাইলেন কলকাতার শিল্পী শ্রীকান্ত আচার্য।‘বৃষ্টি পড়ে অঝর ধারায়’ গানটি দিয়ে সংগীতসন্ধ্যার শুরু করেছিলেন বাপ্পা মজুমদার। কলকাতায় তরুণ প্রজন্মের মধ্যে তাঁর জনপ্রিয়তা ব্যাপক।ফাহমিদা নবী শুরু করেছিলেন ফেরসৌসী প্রিয়ভাষিনীকে উৎসর্গ করা দেশের গান ‘এই বাংলাকে ভালোবেসে’গেয়ে। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত তিনি গাইছিলেন।গতকাল অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে চলমান আন্দোলনের সঙ্গে আনুষ্ঠানিভাবে একাত্মতা প্রকাশ করা হয়। দাম দিয়ে কিনেছি বাংলা: আগের রাতে সোমবার প্রথমে নন্দিতা ইয়াসমিন ও সানী জুবায়ের রবীন্দ্র ও নজরুলসংগীত গেয়েছেন। পরে রবীন্দ্রসংগীত গেয়েছেন ফাহিম হোসেন চৌধুরী এবং অনুষ্ঠান শেষ করেছেন রেজওয়ানা চৌধুরী বন্যা।ফাহিম হোসেন দরাজ গলায় অসাধারণ গেয়েছেন এদিন। তবে তাঁর চমক ছিল শেষে। গান থামিয়ে বললেন, ‘আপনারা জানেন, আমাদের দেশে এখন যুদ্ধাপরাধীদের বিচার ও সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে আন্দোলন চলছে। এটা আমাদের মহান ভাষা আন্দোলনের মাস। প্রয়াত সংগীতজ্ঞ আবদুল লতিফের এই গানে আছে আমাদের গৌরবময় সংগ্রামের ইতিহাস। আপনারা শুনুন।’ কোনো যন্ত্রানুষঙ্গ নেই। উদাত্ত কণ্ঠে গাইলেন ‘দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়’। শ্রোতারা স্তব্ধ নির্বাক হয়ে শুনেছেন বাঙালির সেই সংগ্রামের কাহিনি। শেষে গাইলেন রেজওয়ানা চৌধুরী বন্যা। বন্যার কলকাতায় প্রচুর অনুরাগী আছেন। তাঁরা তন্ময় হয়ে শুনলেন তাঁর গান।আজকের অনুষ্ঠান: আজ বুধবার ষষ্ঠ দিনে থাকবে গীতিনৃত্যনাট্য। ঢাকার দল ভাবনা পরিবেশন করবে ভানুসিংহের পদাবলী। কবিতা পাঠ করবেন আসাদুজ্জামান নূর। ভারতের দক্ষিণী পরিবেশন করবে শাপমোচন।