নারায়ণগঞ্জে সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের সহযোগী খান সুমন পশ্চিমবঙ্গের দমদম কেন্দ্রীয় কারাগার থেকে গত মঙ্গলবার সন্ধ্যায় মুক্তি পেয়েছেন।
গত ১৮ আগস্ট উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতের জেলা ও দায়রা জজ খান সুমনকে জামিনের আদেশ দেন। জামিনের শর্ত পূরণ করতে না পারায় এত দিন তিনি মুক্তি পাননি।
খান সুমনের আইনজীবী অনুপ ঘোষ গতকাল বুধবার সন্ধ্যায় প্রথম আলোকে জানান, জামিনের সব শর্ত পূরণ করে মঙ্গলবার তাঁরা প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে সন্ধ্যায় খান সুমনকে কারাগার থেকে ছাড়া হয়। এই মামলার পরবর্তী তারিখ ২৯ সেপ্টেম্বর।
এর আগে বারাসাতের মুখ্য বিচারিক হাকিম মধুমিতা রায় তিনবার খান সুমনের জামিনের আবেদন খারিজ করে দেন। এরপরই খান সুমন বারাসাতের জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেন। দায়রা জজ আদালতে খান সুমনের পক্ষে জামিনের আবেদন জানান আইনজীবী তারক চন্দ্র দাস ও অনুপ ঘোষ।
জামিনের শুনানিকালে আইনজীবীরা দাবি করেন, খান সুমন বাংলাদেশের বৈধ পাসপোর্ট এবং ভারতীয় ভিসা নিয়ে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে কলকাতা আসেন। সুতরাং তাঁকে অবৈধ অনুপ্রবেশের নামে মিথ্যা মামলায় জড়ানো হয়। এ ছাড়া পুলিশও ৬০ দিনের মধ্যে অভিযোগপত্র দিতে ব্যর্থ হয়েছে। দীর্ঘ শুনানির পর জেলা ও দায়রা জজ অমিতাভ চট্টোপাধ্যায় তাঁর জামিন মঞ্জুর করেন।
নূর হোসেনের আরেক সঙ্গী ওহিদুর জামানও জামিনের আবেদন জানিয়েছেন। ওহিদুর কয়েক দফা মুখ্য বিচারিক হাকিমের আদালতে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর হয়। জেলা ও দায়রা জজ আদালতে ৯ অক্টোবর সেই মামলার শুনানির দিন ধার্য করা রয়েছে। কলকাতার দমদম বিমানবন্দরের অদূরে বাগুইহাটি থানার কৈখালী এলাকার ইন্দ্রপ্রস্থ আবাসন এলাকা থেকে গত ১৪ জুন রাতে নূর হোসেনের সঙ্গে খান সুমন ও ওহিদুর জামানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর সাড়ে তিন মাস কেটে গেলেও নূর হোসেন আদালতে জামিনের আবেদন করেননি।
দড়ি ও বস্তা বিক্রেতার জবানবন্দি: আমাদের নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, সাত খুনের মামলায় আদালতে আরও দুজন সাক্ষ্য দিয়েছেন। গতকাল বিকেলে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম এইচ এম শফিকুল ইসলামের আদালতে তাঁরা সাক্ষী হিসেবে জবানবন্দি দেন।
মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ মণ্ডল বলেন, বুধবার জবানবন্দি দেওয়া দুজন হলেন সিদ্ধিরগঞ্জের আদমজী সোনা মিয়া মার্কেট এলাকার দড়ি ও বস্তা ব্যবসায়ী আবদুল মতিন ও শাহজাহান সাজু।
সাক্ষ্যে দুজন বলেন, ২৭ এপ্রিল রাতে র্যাব সদস্যরা তাঁদের কাছ থেকে দড়ি ও বস্তা কেনেন। কাউন্সিলর নজরুল ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে হত্যার পর রাতে ২৪টি ইট বেঁধে নদীতে ফেলতে ওই রশি ও বস্তা ব্যবহার করা হয়।
এ নিয়ে সাত খুনের মামলায় সাক্ষী হিসেবে র্যাবের নয় সদস্যসহ ১২ জন জবানবন্দি দিয়েছেন। আর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন র্যাব-১১-এর সাবেক তিন কর্মকর্তাসহ ১১ জন।
গত ২৭ এপ্রিল দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ওপর থেকে সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও সিনিয়র আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করেন র্যাব সদস্যরা। তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাঁদের লাশ পাওয়া যায়।