কলকাতায় ট্রেন দুর্ঘটনায় বাংলাদেশি ছাত্রের মৃত্যু
বৃত্তি নিয়ে ভারতের কলকাতায় সংগীত বিষয়ে পড়াশোনা করতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মো. আলিমুজ্জামান (২৬)। গত শুক্রবার কলকাতার খারদা রেলস্টেশন এলাকায় এক ট্রেন দুর্ঘটনায় তিনি মারা যান। গতকাল সোমবার তাঁর লাশ নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের গোপালপুর গ্রামের বাড়িতে এসে পৌঁছায়। তিনি ওই গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক মো. আবদুল হান্নানের ছেলে।আলিমুজ্জামানের পরিবারের সদস্যরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে (আইইআর) অধ্যয়নরত অবস্থায় আলিমুজ্জামান ‘ইন্ডিয়া স্কলারশিপ (বাংলাদেশ) স্কিম’ বৃত্তি নিয়ে ভারতে যান। সেখানে তিনি ২০১২ সালের জুলাই মাসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন বেঙ্গল মিউজিক কলেজে সংগীত (বি.মিউজিক) বিষয়ে পড়াশোনার জন্য ভর্তি হন। কিন্তু গত শুক্রবার তিনি ট্রেন দুর্ঘটনায় মারা যান। পরে ওই দিন রাতে কলকাতার স্থানীয় রেলওয়ে থানা থেকে ফোনে তাঁর বড় ভাই মো. কামরুজ্জামানকে মৃত্যুর বিষয়টি জানানো হয়। যশোরের বেনাপোল সীমান্তে গত রোববার রাত ১০টার দিকে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের প্রতিনিধি সোমনাথ পালের কাছ থেকে তাঁরা আলিমুজ্জামানের লাশ বুঝে নেন। গতকাল সকালে লাশ গ্রামের বাড়িতে আনা হয়।লাশ আসার খবর পেয়ে গতকাল সকাল থেকেই অনেকে আলিমুজ্জামানদের গোপালপুর গ্রামের বাড়িতে এসে ভিড় করেন। সকাল সাড়ে নয়টার দিকে জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।আলিমুজ্জামানের মেজো ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মনিরুজ্জামান জানান, ‘আলিমুজ্জামানকে নিয়ে অনেক আশা ছিল। কিন্তু এখন সব শেষ হয়ে গেছে।’